৫০ হাজার টাকা এবং 'সংস্কৃতিহিতৈষী' কামরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
sylet
sylet

সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরান পদত্যাগের কয়েক দিন আগে ‘নজরুল জন্মোৎসব’ উদ্যাপনে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।সিলেট নজরুল পরিষদের উদ্যোগে কাল শুক্রবার সিলেট অডিটোরিয়ামে দুই দিনের ওই উৎসব শুরু হবে। সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী কামরানকে অনুষ্ঠানে অতিথি করা হয়েছে।উৎসবের আমন্ত্রণপত্রে কামরানকে ‘সংস্কৃতিহিতৈষী’ আখ্যা দেওয়া হয়েছে। নির্বাচনের আগে একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে এভাবে অনুদান দেওয়া এবং অনুষ্ঠানে কামরানকে অতিথি করার বিষয়টিকে অনেকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখছেন।সিটি করপোরেশনের হিসাবরক্ষকের কার্যালয় সূত্রে জানা গেছে, নজরুল পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ মে পরিষদকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। মেয়র কামরান ৯ মে পদত্যাগ করেন। এর মাত্র পাঁচ দিন আগে তিনি ওই অনুদান দেন।সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী আচরণবিধির ১৫ ধারায় উল্লেখ আছে, নির্বাচন-পূর্ব সময়ে সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলর বা অন্য কোনো পদাধিকারী ব্যক্তি সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার উন্নয়নমূলক কোনো প্রকল্প অনুমোদন বা অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করতে পারবেন না।তা ছাড়া, সিটি করপোরেশন থেকে বিভিন্ন অনুষ্ঠানে অনুদান বা আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়া হলে প্রথা অনুযায়ী করপোরেশনের পদধারী কোনো ব্যক্তি (জনপ্রতিনিধি) অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন। তাঁর অনুপস্থিতিতে ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকেন। নজরুল পরিষদের অনুষ্ঠানে সাবেক মেয়র কামরানকে অতিথি করা হয়েছে। দেওয়া হয়েছে তাঁকে সংস্কৃতিহিতৈষী পরিচিতিও।

এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘তাঁকে (কামরান) একজন নজরুলভক্ত হিসেবে অনুষ্ঠানে অতিথি করা হয়েছে। আমরাও এতে দাওয়াত পেয়েছি। আমরা উপস্থিত থাকব।’

সিলেট নজরুল পরিষদের সদস্যসচিব নীলাঞ্জন দাশ অনুদানের কথা স্বীকার করে কামরানের নতুন পরিচিতি প্রসঙ্গে বলেন, ‘একজন সংস্কৃতিহিতৈষী তিনি। তাই তাঁকে ওই পরিচয়ে অতিথি করা হয়েছে।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘মেয়র থাকাকালে যে অনুদান দেওয়া হয়েছিল, সংস্কৃতিহিতৈষী পরিচয়ে তাঁকে অতিথি করে সেটার প্রতিদান দেওয়া হয়েছে। এটা নির্বাচনে প্রভাব বিস্তার আর ভোট চাওয়ার কৌশলের এক নতুন নজির।’

সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘তিনি যদি সিটি করপোরেশনের আর্থিক অনুদানের অনুষ্ঠানে যান, তাহলে স্পষ্টত তা আচরণবিধির লঙ্ঘন হবে।’

কামরান বলেন, ‘অনুষ্ঠানে যাওয়ার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে কি আমি সেখানে যেতে পারব না? এটা আচরণবিধির লঙ্ঘন যাঁরা বলছেন, তাঁরা ভুল বলছেন। এটা নির্বাচনী সভা, রাজনৈতিক সমাবেশ—কোনোটিই নয়।