৫০ হাজার টাকা ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮০ হাজার টাকার বিনিময়ে জুয়াড়িদের সঙ্গে প্রকাশ্যে জুয়া খেলার চুক্তি করেছিলেন নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রাব্বানী। নিকলী থানা পুলিশকে ‘ম্যানেজ’ করার কথা বলে এ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু পত্রিকায় সংবাদ প্রকাশের পর জুয়াড়িদের কাছ থেকে নেওয়া উেকাচের ৫০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হন এ ইউপি চেয়ারম্যান। তবে অবশিষ্ট ৩০ হাজার টাকা পুলিশকে দেওয়া হয়েছে বলে সেই টাকা ফেরত দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান। ১৬ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘নিকলীতে ৪ জুয়াড়ি আটক, উেকাচ নিয়ে জুয়ার অনুমতি দিলেন ওসি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।স্থানীয় একাধিক সূত্রমতে, ১৩ ফেব্রুয়ারি নিকলী উপজেলার তিনটি স্থানে গ্রামীণ মেলার নামে প্রকাশ্যে জুয়ার আসর বসানো হয়। কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর ইউনিয়নের শহরমূল এলাকায় একটি মেলায় জুয়ার আসর বসানোর জন্য স্থানীয় জুয়াড়িদের সঙ্গে চুক্তি করেন। তাঁদের কাছে পুলিশকে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করেন তিনি। ওই দিন সকালে জুয়াড়ি ফরজু মিয়া ও ফুল মিয়া মেলা প্রাঙ্গণে চেয়ারম্যানের হাতে ৮০ হাজার টাকা তুলে দেন। এ সময় চেয়ারম্যানের সহযোগী আনার মিয়া, আউয়াল, ওসমান, শুক্কুর, লাহু ও আক্কেল আলী উপস্থিত ছিলেন। কিন্তু ওই দিন রাতে গোপনে জুয়ার আসরের খবর পেয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা গোয়েন্দা পুলিশ ও পার্শ্ববর্তী করিমগঞ্জ থানা পুলিশ নিয়ে আকস্মিক অভিযান চালান কারপাশা ইউনিয়নের শহরমূল জুয়ার আসরে। নিকলী থানা পুলিশকে এ অভিযানের কথা জানানো হয়নি। এ সময় গ্রেপ্তার করা হয় ফয়জুল (৩২), নূরুল হক (২৬), ফয়েজ উদ্দিন (২৭) ও মো. নূরুল হক (২০) নামে চার জুয়াড়িকে। তবে অভিযানের সময় অন্য জুয়াড়িরা পালিয়ে যান। পরে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে জুয়াড়িরা টাকা ফেরত দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে চাপ দেন। গত শুক্রবার চেয়ারম্যানের বাড়ি থেকে ৫০ হাজার টাকা ফেরত আনেন জুয়াড়ি ফরজু মিয়া। তিনি টাকা ফেরত পাওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, চেয়ারম্যানের লোকজন ৫০ হাজার টাকা ফেরত দিয়ে জানিয়েছে, বাকি টাকা পুলিশকে দেওয়া হয়েছে। এ টাকা ফেরত দেওয়া সম্ভব না বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। টাকা ফেরত দেওয়ার কথা এড়িয়ে গিয়ে কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, ‘আমি পরিস্থিতির শিকার। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রহমান বলেন ‘টাকা লেনদেনের সঙ্গে নিকলী থানা পুলিশ জড়িত নয়। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’