নারায়ণগঞ্জে ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে শহরের আল্লামা ইকবাল রোড থেকে আট বছরের এক শিশুকে অপহরণ করা হয়। ১২ ঘণ্টা পর মঙ্গলবার রাত ১০টায় ঢাকার ফার্মগেট থেকে অপহূত শিশু আল তামিমকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করে অপহরণকারী ইব্রাহিমকে (২৫)।অপহূত আল তামিমের বাবা মাসুদ মিয়া পেশায় রাজমিস্ত্রি। ভাড়া থাকেন শহরের আল্লামা ইকবাল রোডের আবদুল কুদ্দুস মিয়ার বাড়িতে। মঙ্গলবার সকাল ১০টায় মাসুদের সহযোগী মিস্ত্রি ইব্রাহিম (২৫) বাবার কাছে যাওয়ার কথা বলে আল তামিমকে নিয়ে বের হন। বিকেলে মাসুদের মোবাইল ফোনে জানানো হয়, আল তামিমকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা নিয়ে রাত ১০টায় ফার্মগেটে আসতে বলা হয় অপহূত শিশুর বাবাকে। ঘটনাটি জানানো হয় পুলিশকে। পুলিশ টাকা হস্তান্তরের সময় গ্রেপ্তার করে ইব্রাহিমকে। উদ্ধার করা হয় অপহূত শিশুটিকে। এ সময় ইব্রাহিমের এক সহযোগী পালিয়ে যান।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, পুলিশের দুই উপপরিদর্শক অপহূত আল তামিমকে উদ্ধারে অভিযান শুরু করেন। তাঁরা দুজন ইব্রাহিমের সঙ্গে মোবাইলে কথা বলে আল তামিমের চাচা ও মামা পরিচয় দেন। পরে ইব্রাহিমের কথামতো তাঁরা ছদ্মবেশে ঢাকার ফার্মগেট এলাকায় উড়ালসেতুর নিচে গিয়ে টাকা দেওয়ার সময় ইব্রাহিমকে গ্রেপ্তার ও অপহূত আল তামিমকে উদ্ধার করেন।