৫০ হাজার নয়, রোজ ক্ষতিপূরণ ১০ হাজার
>হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি না সরানো পর্যন্ত ১৫৪টি শিল্পকারখানার মালিককে দণ্ড নির্ধারণ করে দিলেন আপিল বিভাগ
হাজারীবাগ থেকে সাভারে না সরানো পর্যন্ত ১৫৪টি ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রত্যেককে পরিবেশদূষণের ক্ষতিপূরণ বাবদ প্রতিদিন ১০ হাজার টাকা করে জমা দিতে হবে। ওই টাকার অর্ধেক অনুদান হিসেবে বাংলাদেশ লিভার ফাউন্ডেশনকে দেবে সরকার।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার ক্ষতিপূরণের নতুন এই অঙ্ক নির্ধারণ করে আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মেহেদী হাসান চৌধুরী। অপর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
গত ১৬ জুন হাইকোর্টের রায়ে বলা হয়, হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত ১৫৪ কারখানার মালিককে রোজ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। ক্ষতিপূরণের টাকা ঠিকমতো দেওয়া হচ্ছে কি না, তা তদারক করে ১৭ জুলাই প্রতিবেদন আদালতে দেবেন শিল্পসচিব। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। চেম্বার আদালত হাইকোর্টের রায় ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করেন। এরপর গতকাল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওঠে।
গত ১৩ এপ্রিল মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ট্যানারির তালিকা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। গতকাল শিল্পসচিবের পক্ষে হাজারীবাগে থাকা ১৫৫টি ট্যানারি কারখানার তালিকা-সংবলিত প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স ট্যানারি লিমিটেড নামের কারখানা সাভারে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিগুলো নেওয়া হয়নি। সরিয়ে নেওয়া প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে।
হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিতে ২০০১ সালে হাইকোর্ট রায় দেন। এরপর কয়েক দফা এই সময়সীমা বাড়ানো হয়। এরপরও হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় আদালত অবমাননার অভিযোগ আনে এইচআরপিবি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে হাইকোর্ট আদালত অবমাননার রুল দিয়ে শিল্পসচিবের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। শিল্পসচিব ব্যাখ্যায় বলেন, ১০টি প্রতিষ্ঠান বারবার তাগিদ সত্ত্বেও তাদের কারখানা সরাতে পদক্ষেপ নেয়নি।
এরপর ওই ১০ কারখানার মালিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে তাঁদের তলব করা হয়। তাঁদের মধ্যে তিনজ ট্যানারি মালিক ১১ এপ্রিল হাজারীবাগে কারখানা বন্ধ এবং সাভারে সরানোর পদক্ষেপ জানিয়ে হলফনামা দিলে আদালত তাঁদের অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন। তিনজন মালিক আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। বাকি চারজন মালিকের মধ্যে তিনজন মারা গেছেন। একজন বিদেশে থাকায় তাঁকে ৩ মে আদালতে হাজিরের নির্দেশ দেন হাইকোর্ট।