৫০ হাজার মানুষের কষ্টের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে-উঠানে-রাস্তায় কোমরসমান পানি। আয়রোজগার বন্ধ। ছবিটি ভোলার তজুমদ্দিন উপজেলা শহর থেকে গত শনিবার বিকেলে তোলা l প্রথম আলো
ঘরে-উঠানে-রাস্তায় কোমরসমান পানি। আয়রোজগার বন্ধ। ছবিটি ভোলার তজুমদ্দিন উপজেলা শহর থেকে গত শনিবার বিকেলে তোলা l প্রথম আলো

একদিকে মাথা গোঁজার ঠাঁই নেই, অন্যদিকে আয়রোজগার বন্ধ। এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বাঁধ ভেঙে যাওয়ায় ভোলার দুই উপজেলার ৫০ হাজার মানুষ এখন জোয়ারের পানিতে হাবুডুবু খাচ্ছে। ঈদের দিনটাও পানিবন্দী অবস্থায় চরম কষ্টে কেটেছে তাদের।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২০ মে রোয়ানুর প্রভাবে ভোলা সদর ও তজুমদ্দিন উপজেলায় পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় দুই কিলোমিটার ছুটে যায়। আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করা হয়নি। ফলে নিয়মিতই জোয়ারে প্লাবিত হচ্ছে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের দড়িচাঁদপুর, কেয়ামুল্লা, হাজিকান্দি, পাটওয়ারিকান্দি, শশীগঞ্জ, দালালকান্দি, মহাজনকান্দি, ভুলাইকান্দি, ভুইয়াকান্দি, দেওয়ানপুর, বালিয়াকান্দি, চাঁদপুর, কাজিকান্দি, শিকদারকান্দি ও আড়ালিয়া গ্রামের ২০ হাজার এবং ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর, উত্তর রাজাপুর; পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা, মুরাদ সফুল্লাহ ও কালুপুর গ্রামের ৩০ হাজার মানুষ। ঈদের দুই দিন আগে অমাবস্যার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে পড়ায় মানুষের এখন রাতে ঘুমোনোর জায়গা পর্যন্ত নেই। এদিকে পানিবন্দী এসব মানুষ মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিন্তু এখন নদীতে মাছ পাওয়া যাচ্ছে কম। জমিগুলোও তলিয়ে আছে। ফলে মানুষের আয়ের পথ কার্যত বন্ধ। ঈদ উপলক্ষে কিছু পরিবার ভিজিএফের চাল পেলেও চুলার অভাবে রান্না করতে পারছে না।

গত শুক্র ও শনিবার ওই তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মানুষের ঘরবাড়ি, নলকূপ, রাস্তাঘাট, শৌচাগার, চুলা সবই পানিতে ডুবে আছে। অনেকেই তল্পিতল্পা নিয়ে পাউবোর ভাঙা বাঁধে ও রাস্তার ওপর আশ্রয় নিয়েছে। কেউ কেউ ভাঙা বাঁধের ওপরে কাদাপানির মধ্যেই কুঁড়েঘর তুলছে।

কয়েকজন এলাকাবাসী জানান, ঈদের দিন যেখানে লোকজন আনন্দ-উৎসব করে, সেখানে ওই দিনও তাদের কেটেছে ঘরের আসবাব নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে। ঈদে নতুন কাপড় কেনা দূরের কথা, এখন দুবেলা খাবার জোটানোই দায়।

সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের হোসেন রাঢ়ি বলেন, ‘ঈদ কাইটছে পানির লগে যুদ্দ কইররা। নদীত মাছ নাই। পানিত ডুবি আছি। জীবন বাঁচান দায়, নতুন কাপুর কিনমু কী দিয়া?’ একই গ্রামের সিরাজ মাঝি বলেন, ‘ঘর ভাইঙ্গা বান্দে উডাই রাইখছি। এহোন পোলাইন-ছালান লইয়্যা প্রতিবেশীর ঘরের বারান্দায় রাইত কাডাই। পরের ঘরোত রানতারলে খাই, না রানতারলে না খাই দিন কাডাই।’

পাউবোর ভোলা-২ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কাইছার আলম বলেন, রোয়ানুতে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ ঈদের আগেই শুরু করা হয়। কিন্তু অমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারের কারণে ঠিকাদার কাজ করতে পারেননি। পানির চাপ কমলে কাজ শুরু হবে।

পাউবোর ভোলা-১ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তারও একই কথা বলেন। তিনি আরও বলেন, ইলিশা রাজাপুরে ভাঙন প্রতিরোধে বালুভর্তি বস্তা ফেলার কাজ চলছে।

ভোলার জেলা প্রশাসক সেলিম উদ্দিন বলেন, জোয়ারে প্লাবিত মানুষের দুর্ভোগ কমাতে প্রতিনিয়ত তিনি পাউবোর সঙ্গে যোগাযোগ রাখছেন। রোয়ানুতে ক্ষতিগ্রস্ত মানুষকে যথাসাধ্য সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের পুনর্বাসন করার চেষ্টা চলছে।