৫০ হাজার মানুষের জন্য একজন চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলায় আদিবাসী-বাঙালি মিলিয়ে প্রায় ৫০ হাজার লোকের বাস। তাঁদের চিকিৎসায় মাত্র একজন সরকারি চিকিৎসক দায়িত্ব পালন করছেন। কারণ, ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়টি চিকিৎসা কর্মকর্তার পদ থাকলেও বছরের পর বছর আটটি পদই শূন্য রয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসকসহ জনবল-সংকটের কথা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তর থেকে গত ২ ফেব্রুয়ারি জেলা সিভিল সার্জনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। চিঠিতে বলা হয়েছে, এই হাসপাতালে নয়জন চিকিৎসা কর্মকর্তার পদ থাকলেও কর্মরত আছেন মাত্র একজন। দুজন চিকিৎসা সহকারীর মধ্যে রয়েছেন একজন। দুটি ফার্মাসিস্টের পদ থাকলেও দুটিই শূন্য রয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদও শূন্য। হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ায় রোগীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্যত্র স্থানান্তর করা যাচ্ছে না।গতকাল বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা থোয়াই মার্মা, মেনদং মুরং, বাঙালি আবদুল হামিদ, জুলফিকার আলী ও আলী আকবরের সঙ্গে। তাঁরা চিকিৎসা না নিয়েই ফেরত যাচ্ছিলেন। তাঁরা বলেন, অফিস সময় শেষ হয়ে যাওয়ায় বেলা একটার দিকে হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। তাঁদের অভিযোগ, প্রতিদিন আড়াই শ থেকে তিন শ রোগী এলেও চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। এ কারণে অনেককে চিকিৎসা না নিয়েই ফেরত যেতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, চিকিৎসক না থাকায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে অসুস্থ মানুষ সেবা নিতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এ প্রসঙ্গে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, চিকিৎসক-সংকটের কথা তুলে ধরে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে দাপ্তরিক পত্র দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুখলেছুর রহমান নিয়মিত এলাকায় থাকেন না।আলীকদম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ‘হাসপাতালে রোগীদের জন্য নেই বিশুদ্ধ খাওয়ার পানি। দুটি টয়লেট ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। রোগীদের খাবার বিতরণে অনিয়ম হচ্ছে।’এ ব্যাপারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লা বলেন, তিনি পর্যাপ্তসংখ্যক চিকিৎসক আনার জন্য চেষ্টা করছেন।