বাংলাদেশি যুবক হাবিবুর রহমান ওরফে হাবুকে (২২) দুই বছর আগে নগ্ন করে ও হাত-পা বেঁধে নির্মম নির্যাতন করেছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ ঘটনায় বিএসএফ হাবিবুরকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিয়েছে ও সেই সঙ্গে দুঃখ প্রকাশ করেছে।
রাজশাহীর খানপুর বিওপির অধীন একটি এলাকায় গতকাল মঙ্গলবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আনুষ্ঠানিকভাবে এই অর্থ তুলে দেয়।
নির্যাতনের শিকার যুবক হাবিবুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরসিয়া গ্রামে। বিএসএফের প্রস্তাব অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ হস্তান্তরে বেলা সাড়ে ১১টায় ৩৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের খানপুর বিওপির ১৬৩ ও ১৬৩/১ সীমান্তপিলারের মধ্যবর্তী স্থানে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৩৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম খানসহ এই বাহিনীর কয়েকজন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিএসএফ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএসএফের কমান্ড্যান্ট শ্রীরাজ কুমার হাবিবুর রহমানের হাতে ওই অর্থ তুলে দেন। তিনি হাবিবুর রহমানের ওপর নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
২০১১ সালের ৯ ডিসেম্বর বিএসএফ হাবিবুর রহমানকে আটকে ক্যাম্পে নিয়ে নির্যাতন করে।