৫০ হাজার রোহিঙ্গাকে খাওয়াবেন শিখ স্বেচ্ছাসেবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের এক শরণার্থীশিবিরে খালসা এইডের এক স্বেচ্ছাসেবী। ছবি : সংগৃহীত
টেকনাফের এক শরণার্থীশিবিরে খালসা এইডের এক স্বেচ্ছাসেবী। ছবি : সংগৃহীত

হত্যা, নির্যাতন, সহিংসতা পর মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্যসহায়তা দিতে কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে যুক্তরাজ্যভিত্তিক শিখদের একটি সংগঠন। খালসা এইড নামের ওই সংগঠনটি প্রতিদিন ৫০ হাজার মানুষকে খাওয়াবে বলে দ্য ইনডিপেনডেন্ট ও হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে।

খালসা এইডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমরপ্রীত সিং বলেন, আমরা ৫০ হাজার মানুষকে ত্রাণ ও খাদ্যসহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেছি। কিন্তু এখানে (বাংলাদেশে) আরও তিন লাখের বেশি শরণার্থী রয়েছেন। তাঁরা পানি, খাবার ও আশ্রয়হীন অবস্থায় দিন যাপন করছেন। বৃষ্টি হলে তাঁদের কোথাও যাওয়ারও জায়গা নেই।

আমরপ্রীত বলেন, ‘আমরা তাঁদের জন্য লঙ্গরখানা খুলেছি। সেখানে তাদের খাবার ও আশ্রয় দেওয়া হবে। আমরা শামিয়ানা দিয়ে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু আমাদের প্রস্তুতির তুলনায় শরণার্থীর সংখ্যা এত বেশি যে সব ব্যবস্থা করতে আমাদের আরও সময় লাগবে।’

বর্তমান অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সহায়তার দেওয়ার কথা জানিয়ে আমরপ্রীত বলেন, সংকট শেষ না হওয়া পর্যন্ত লঙ্গরখানা চালাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা প্রাধান্য দিচ্ছি সবাই যেন খেয়ে ঘুমাতে যেতে পারেন।

বাংলাদেশকে টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য করছেন খালসা এইডের সদস্যরা। এই ক্যাম্পের রোহিঙ্গাদের অবস্থা বর্ণনা করে আমরপ্রীত সিং বলেন, ‘এঁদের কষ্টের কথা ভাষায় বর্ণনা করা যাবে না।’

মিয়ানমারের রাখাইন রাজ্যের তিনটি শহরতলি এলাকায় গ্রাম রয়েছে সর্বমোট ৪৭১টি। এর মধ্যে ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। অন্য ৩৪টি গ্রাম থেকেও কিছু কিছু রোহিঙ্গা পালিয়েছেন। তাঁরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রতিবেশী দেশগুলোতে। চলমান সেনা অভিযানে গ্রামগুলোর বাসিন্দারা পালিয়ে গেছেন।

রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে গত ২৫ আগস্ট রাতে সন্ত্রাসী হামলা হয়। এর জেরে সেখানে নতুন করে সহিংস সেনা অভিযান শুরু হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে গত কয়েক সপ্তাহে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

যুক্তরাজ্যভিত্তিক খালসা এইড নামের সংগঠনটি বলছে, তারা ৫০ হাজার রোহিঙ্গার খাবারের ব্যবস্থা করবে। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যভিত্তিক খালসা এইড নামের সংগঠনটি বলছে, তারা ৫০ হাজার রোহিঙ্গার খাবারের ব্যবস্থা করবে। ছবি: সংগৃহীত

রাখাইনে সহিংসতা চলতে থাকায় প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঢল থামছে না। এ অবস্থা চলতে থাকলে বছর শেষে বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা আসতে পারে বলে মনে করছে জাতিসংঘের দুটি সংস্থা।
কক্সবাজার ঘুরে এসে বাংলাদেশে রোহিঙ্গাদের আসার সংখ্যা নিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরিচালনা ও জরুরি বিভাগের পরিচালক মোহাম্মেদ আবদিকার মোহামুদ ও জাতিসংঘের শরণার্থী সংস্থার সহকারী হাইকমিশনার জর্জ ওকোথ ওব্বো বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এ আশঙ্কা প্রকাশ করেন।

শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার অনুরোধ জানিয়ে আবদিকার মোহামুদ বলেন, ‘আমরা দেখছি প্রায় চার লাখ লোক এর মধ্যেই এসেছে। এই সংখ্যা বাড়তে থাকায় আমরা সত্যি উদ্বিগ্ন। প্রতিদিন ১০ থেকে ২০ হাজার লোক আসছে। দুই সপ্তাহ আগে আমরা ৭০-৮০ হাজার লোকের কথা বলেছিলাম। কাল আমরা বলেছি ৩ লাখ ৭৯ হাজার। আজ বলছি ১০ হাজার বা তার বেশি।’ তিনি প্রশ্ন তোলেন, ‘তবে কি আমরা আশা করছি, আরও বিপুল সংখ্যায় লোকজন আসবে? সংখ্যাটি কি ৬ লাখ, ৭ লাখ নাকি ১০ লাখ?