৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ৪৭ শতক জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে এন মোহাম্মদ কনভেনশন সেন্টার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকায় সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জায়গায় এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল রোববার সিডিএর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
উদ্ধার করা জমির পরিমাণ প্রায় ৪৭ শতক, যার বাজারমূল্য প্রায় ২৩ কোটি টাকা বলে জানান সিডিএর কর্মকর্তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দেয়াল ধসে সাত শ্রমিক আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আঘাত গুরুতর নয় বলে জানান সিডিএর কর্মকর্তারা।
উচ্ছেদ অভিযানের জন্য মুরাদপুর থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কের এক পাশে গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়। এতে যাত্রীদের হেঁটে ও বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যেতে দেখা যায়। দুটি বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, নির্বাহী প্রকৌশলী ও মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়কের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান। অভিযানে সহায়তা করে নগর পুলিশ।
সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, সিডিএ অ্যাভিনিউ নির্মাণের জন্য ১৯৬১ সালে জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে অনেক জায়গা বেহাত হয়ে গেছে। সেখানে দখলদারেরা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। তিনি বলেন, সিডিএ অ্যাভিনিউয়ের ওপর উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে। এ জন্য সড়ক সম্প্রসারণ করতে হবে। তাই বেদখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারে তিন দিনব্যাপী অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। উদ্ধার করা জায়গা সড়ক সম্প্রসারণ, নালা ও ফুটপাত নির্মাণে ব্যবহার করা হবে।