৫০টি বস্তিঘর ও ৫টি দোকান পুড়ে ছাই, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উজেলার ফতুল্লার পঞ্চবটী ফাজিলপুর এলাকায় গতকাল মঙ্গলবার একটি জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে ৫০টি বস্তিঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের শহরের খানপুরের নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে ফাজিলপুরের আবদুস সালামের চোরাই জ্বালানি তেলের দোকানে আগুন লাগে। রিকশাভ্যান থেকে অকটেন দোকানের ড্রামে ঢালার সময় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পুড়তে থাকে বস্তিঘর ও দোকান। আগুনের লেলিহান শিখা ৪০-৫০ ফুট পর্যন্ত বিস্তৃত হয়। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ১০ জন। আগুনে দগ্ধ ভ্যানচালক মফিজকে (৫০) গুরুতর অবস্থায় শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়ায় ৫০টি পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছে।বস্তির বাসিন্দা রুখি বেগম জানান, তাঁর ঘরে প্রতিবন্ধী এক শিশু রয়েছে। শিশুটিকে ঘর থেকে বের করতে পারলেও কোনো কিছুই আনতে পারেননি। সর্বস্ব পুড়ে গেছে তাঁর।জানা গেছে, ফতুল্লার পঞ্চবটীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সরকারি নিয়ন্ত্রণাধীন পদ্মা ও যমুনা তেল ডিপোকে কেন্দ্র করে ওই এলাকায় কিছু চোরাই জ্বালানি তেলের দোকান গড়ে উঠেছে। ট্যাংকলরিগুলো ডিপো থেকে তেল নিয়ে গন্তব্যে যাওয়ার সময় এই চোরাই তেলের দোকানগুলোতে অবৈধ ও বিপজ্জনকভাবে তেল পাচার করে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করে দেখা হচ্ছে।