বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর তীরবর্তী কূপদোন এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে লাগানো প্রায় অর্ধশত গাছ এলাকার লোকজন কেটে নিয়ে গেছে। গত ৩০ ডিসেম্বর থেকে গাছ কাটা অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। ২০ বছর আগে লাগানো এসব গাছ কাটায় ওই এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।গত বুধবার সরেজমিন দেখা গেছে, পাথরঘাটার বিষখালী নদীসংলগ্ন কালমেঘার কূপদোন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত ৩৯/১ নম্বর পোল্ডারের আওতায় আধা কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশ থেকে অর্ধশতাধিক গাছ কাটা হয়েছে। বাঁধের কোল ঘেঁষে গর্ত করায় তা এখন হুমকির মুখে।কূপদোন গ্রামের বাসিন্দা মো. হাফিজ বলেন, গত ৩০ ডিসেম্বর থেকে এলাকার পাঁচ-ছয়জন লোক বাঁধের ওপরের গাছ কাটতে শুরু করে। তাদের দেখাদেখি অন্যরাও কাটতে শুরু করে যার যার বাড়ির সামনের গাছ।গাছ কাটায় ব্যস্ত ওই গ্রামের আ. মন্নান মুসল্লি বলেন, ‘সরকার আমাগো গাছ কাইট্টা নেওনের আদেশ দেছে, হেইতে মোরা গাছ কাইট্ট নেতে আছি।’ কারা এ গাছ কাটার আদেশ দিয়েছে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হে কইতে পারি না, তয় সবাই তো কাটতে আছে, হেইতে আমিও কাটি।’গ্রামের অনেকের মতো শহিদুল ইসলামও একই দাবি করেন। তবে সরকারের কোন বিভাগ থেকে গাছ কাটতে বলা হয়েছে, তা কেউই বলতে পারেননি।বন বিভাগের পাথরঘাটা সদর বিটের বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘ওই এলাকার গাছ কাটার খবর পেয়ে আমি গত বুধবার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় একটি স-মিল থেকে ২৫টি গাছ জব্দ করেছি। ওই এলাকায় বন বিভাগের সবুজ বেষ্টনীর বন রয়েছে। এখন আমরা তদন্ত করে দেখব, এসব গাছ বন বিভাগের বন থেকে কাটা হয়েছে কি না।’পাউবোর পাথরঘাটা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর দ্বিতীয় দফায় নির্মিত ওই বাঁধের সুরক্ষার জন্য পাউবোর উদ্যোগে বাঁধ সুরক্ষা প্রকল্পের আওতায় এসব গাছ রোপণ করা হয়। আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় এলাকার লোকজনকে।পাউবোর পাথরঘাটা উপবিভাগীয় কার্যালয়ের সেকশন কর্মকর্তা (এসও) মো. রফিকুল ইসলাম বলেন, পাউবোর পক্ষ থেকে এসব গাছ কাটার আদেশ দেওয়া হয়নি। তবে কেউ যদি বাঁধের গাছ কেটে নিয়ে থাকে, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাউকে সরকারি গাছ কাটার আদেশ দেওয়ার প্রশ্নই আসে না। ঘটনা এ রকম ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।