
আজ শনিবার প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে পরামর্শ-সহায়তা অনুষ্ঠানের ৫০তম আসর। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জীবনের জয়গান সুবর্ণজয়ন্তী’ আয়োজন করা হয়েছে। মাদকাসক্তদের অভিভাবক এবং যাঁদের পরামর্শ-সহায়তা দরকার, তাঁদের জন্য প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন প্রতি মাসে পরামর্শ-সহায়তার আয়োজন করে৷
প্রতি মাসে সাধারণত ঢাকার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ আসর অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঢাকার বাইরেও পরামর্শ-সহায়তা হয়ে থাকে। এ পর্যন্ত (মে ২০১৪) ৫০টি মাদক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে৷ প্রতি অনুষ্ঠানে প্রায় ৫০ থেকে ৬০ পরিবার অংশ নেয়৷ প্রতি মাসে একটি নির্দিষ্ট নম্বরে (৯১২১২২৩) গড়ে ৩০টি ফোন আসে। মনোরোগ চিকিৎসক ও বিশেষজ্ঞরা মাদকাসক্তি নিরাময়ের জন্য তাঁদের বিভিন্ন পরামর্শ দেন। পরামর্শ-সহায়তা অনুষ্ঠানের আলোচিত বিষয়গুলো পরবর্তী সময়ে পত্রিকায় ছাপা হয়।
মাদকের ভয়ংকর নেশা থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে ২০০৩ সালের ১ মে যাত্রা শুরু হয় প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের। ২০০৯ সালের মে মাসে প্রথম আলো ট্রাস্টের কার্যক্রম শুরু হলে মাদকবিরোধী আন্দোলন ট্রাস্টের অধীনে চলে আসে।
প্রতিবছর ২৬ জুন বিশ্ব মাদকমুক্ত দিবস উপলক্ষে সারা দেশে চলে ব্যাপক আয়োজন। এগুলোর মধ্যে রয়েছে বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট, মাদকসংক্রান্ত প্রতিবেদন পুরস্কার, গোলটেবিল বৈঠক, শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদকবিরোধী বন্ধু মেলাসহ বিভিন্ন আয়োজন।
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন দেশের বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় মুক্ত সংলাপের আয়োজন করে। এতে অংশ নেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এসব অনুষ্ঠানে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন। সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ বাস্তবায়নের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।