আগামী ৮ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে দুই পর্বের ৫০তম তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। রাজধানী ঢাকার ২০ কিলোমিটার উত্তরে বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ দ্রুতগতিতে চলছে। খবর বাসসের।
ইজতেমার আয়োজকেরা জানান, ৮ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা শুরু হয়ে ১০ জানুয়ারি রোববার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। চার দিন বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ৫০তম ইজতেমার সমাপ্তি হবে। ইজতেমায় মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।
১৬০ একরের বিশাল এলাকাজুড়ে চটের প্যান্ডেল তৈরির কাজ দ্রুত সম্পন্ন করতে শত শত লোক স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।
স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার এলাকার সাংসদ নির্বাচিত হওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের ফলে মুসল্লিদের জন্য পানীয় জল এবং পয়োনিষ্কাশনের কাজ শুরু হয়। কয়েক দফায় বিশ্ব ইজতেমা ময়দানের জন্য প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে বলে জানান তিনি।
ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ছয় দিনের অবস্থানের উপযোগী গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ, অস্থায়ী ওজু ও গোসলখানা নির্মাণ, নির্বিঘ্নে যাতায়াত ব্যবস্থা পুনর্বিন্যাস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের উচ্চপর্যায়ে বৈঠক করা হয়েছে।