৫০০ ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর হচ্ছে
প্রচলিত বিচারব্যবস্থায় সীমাবদ্ধতার কারণে গ্রামের সাধারণ মানুষের বিচারপ্রাপ্তিও সীমিত হয়ে পড়েছে। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি বাড়ানো সম্ভব। কিন্তু গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা, বিচারকদের প্রশিক্ষণের অভাব ও আইনি দুর্বলতার কারণে গ্রাম আদালত কার্যকর হচ্ছে না। দেশের ৫০০ ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর করা হবে।স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত প্রকল্পের অধীনে ‘বাংলাদেশের গ্রাম আদালত: বেইজলাইন জরিপ’ শীর্ষক এক সমীক্ষায় এসব তথ্য বেরিয়ে এসেছে। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে এই সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয় এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি গ্রাম আদালত প্রকল্পে অর্থায়ন করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রকল্পের মেয়াদকাল ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এর অধীনে দেশের ছয়টি বিভাগের ১৭ জেলায় ৫০০ ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর করা হবে। গ্রাম আদালতে পাঁচজন বিচারক থাকবেন। বাদী-বিবাদী দুজন করে বিচারক নির্বাচন করবেন। পঞ্চমজন হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাদী-বিবাদীদের নির্বাচন করা দুজন বিচারকের মধ্যে একজন হবেন ইউনিয়ন পরিষদের সদস্য।গ্রাম আদালত প্রকল্পের পরিচালক সৈয়দ মাহবুব হাসান সমীক্ষায় প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করে বলেন, জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৭৬ দশমিক ৫৫ শতাংশ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানেনই না। যাঁরা জানেন, তাঁদের মধ্যে মাত্র ২২ দশমিক ৬ শতাংশ মনে করেন, গ্রাম আদালত কার্যকর আছে। অনেকে মনে করেন, গ্রাম আদালতে স্বজনপ্রীতি হয় এবং রাজনৈতিক ঝামেলায় পড়তে হয়।সমীক্ষার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, গ্রাম আদালতকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে রাখতে হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন বলেন, গ্রাম আদালত কার্যকর হলে সাধারণ মানুষের উপকার হবে। ইউএনডিপির আবাসিক পরিচালক স্টিফান প্রিজনার বলেন, গ্রাম আদালতের মাধ্যমে মানুষের দোরগোড়ায় বিচারপ্রাপ্তি নিশ্চিত করা।