৫০০ একর জমিতে বোরো চাষ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলাখালী বিলে বাঁধ নির্মাণ করায় খাগড়াছড়ির দীঘিনালার পাবলাখালী ও দীঘিনালা ব্লকের প্রায় ৫০০ একর জমি জমি বোরো চাষের আওতায় এসেছে। সেনাবাহিনী ও স্থানীয় আদিবাসীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বাঁধের কাজ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি কৃষি বিভাগের কর্মকর্তা, দুইটি ব্লকের জমির মালিক ও সেনাবাহিনী বৈঠক করে বাঁধ নির্মাণের স্থান নির্ধারণ করে। ১২ জানুয়ারি কৃপাপুর গ্রামবাসী ও সেনাবাহিনী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণকাজ শুরু করে। পাবলাখালী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা গীতা রাণী বিশ্বাস জানান, সেচ সমস্যার কারণে গত বছর এই ব্লকের অধিকাংশ জমি অনাবাদি ছিল। বর্তমানে এ বাঁধের কারণে দুই-তৃতীয়াংশ জমি চাষের আওতায় আসবে। ইতিমধ্যে কিছু কিছু জমিতে চাষ শুরু হয়েছে। স্থানীয় সেনা জোন অধিনায়ক লে. কর্নেল শাহীন মোহাম্মদ আবরার বলেন, ‘পত্রিকায় প্রতিবেদন পড়ে কৃষি বিভাগ ও জমির মালিকদের সঙ্গে কথা বলে বাঁধ তৈরির কাজ শুরু করেছি। আমরা বাঁধ তৈরিতে সফলও হয়েছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা মোহন কুমার ঘোষ বলেন, ‘নতুন বাঁধের সেচ সুবিধা দিয়ে পাঁচ শতাধিক একর জমি চাষের আওতায় চলে আসবে। এ দুইটি ব্লকে আরও দু-একটি বাঁধ দেওয়া হলে সব জমি বোরো চাষের আওতায় চলে আসবে।’গত ১৯ ডিসেম্বর প্রথম আলোয় ‘দীঘিনালায় সাড়ে চার শ হেক্টর জমিতে বোরো চাষ অনিশ্চিত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।