৫০০ একর বোরো খেত ফেটে চৌচির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার চর সামাইয়্যা ও ভেলুমিয়া ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া সাতবাড়িয়া দোন খালের দুই মাথায় বাঁধ দিয়ে পানি সেচে মাছ ধরেছেন প্রভাবশালী ব্যক্তিরা। পরে বাঁধ কেটে না দেওয়ায় খাল শুকিয়ে গেছে। এতে দুই মাস ধরে দুই পারের বোরো চাষিসহ পাঁচ হাজার পরিবার পানিসংকটে পড়েছে। ইতিমধ্যে প্রায় ৫০০ একর বোরো খেত ফেটে চৌচির হয়ে গেছে।চর সামাইয়্যার কৃষক মো. আলী জানান, তিনি দুই একর ৬০ শতাংশ জমিতে বোরো আবাদ করেছেন। খালে পানি না থাকায় তিনি খেতে পানি দিতে পারছেন না। এত দিন পুকুরের পানি দিয়ে খেতে সেচ দিলেও সেই পানিও শেষ হয়ে গেছে। এখন খেতে ধান গাছে থোড় এসেছে। এ অবস্থায় পানি না পেলে সব ধান চিটা হয়ে যাবে। এতে তাঁর ৭০ হাজার টাকার ক্ষতি হবে। তাঁর মতো আবদুস সালাম, আবুল কাশেম, আবুল বাশার মহাজন, মো. শাজাহান, আবদুস সালাম কারিসহ দুই শতাধিক কৃষক তাঁদের ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন।খালপারের বাসিন্দা সামসুন নাহার বলেন, ‘আমরা দুরেত্তোন কলের পানি আইন্যা খাই। আর এই খালের পানি দিয়া রান্দি, ধোওন-মোছনের কাম করি, খাল হুগানে আমগো এহোন মরোন দশা অইছে।’১৩ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, খালের (জলাশয়) দুই পারে অসংখ্য পরিবারের ঘাটলা রয়েছে। তবে খালে পানি নেই। আশপাশের বোরো খেতের মাটি ফেটে চৌচির হয়ে গেছে। শুধু ধান নয়, পানির অভাবে চর সামাইয়্যা ও ভেলুমিয়া ইউনিয়নে কোনো ফসলই হয়নি। এ সময় খালের দুই পারের কয়েক শ নারী-পুরুষ জমায়েত হয়ে অবিলম্বে বাঁধ কেটে দেওয়ার দাবি জানান। খেত থেকেই তাৎক্ষণিক ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমানকে বিষয়টি জানালে তিনি প্রথম আলোকে বলেন, ‘কৃষকদের লিখিত অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব।’ চর সামাইয়্যা সাহেবের চর এলাকার বাসিন্দা ইউনুস সরকারসহ গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, তেঁতুলিয়া নদীর শাখা সাতবাড়িয়া দোন নামক খালটি দক্ষিণ-পূর্ব দিকে ভেলুমিয়া বাঘমারা এলাকার ‘খেয়াঘাট নদী’তে গিয়ে মিশেছে। এ খালের পূর্ব পাশে চর সামাইয়্যা ইউনিয়ন পশ্চিমে ভেলুমিয়া ইউনিয়ন। দুই পাশে প্রায় পাঁচ হাজার পরিবার বাস করে। আশপাশে কোনো নলকূপ না থাকায় তাঁরা খালের পানিতে গোসল, থালাবাসন ধোয়া ও রান্নাবান্নাসহ যাবতীয় কাজ করেন।চর সামাইয়্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল হকের ভাষ্য, প্রতিবছর এ খালে দুই পাশে ১৫টি পাম্প বসত। সে পানি দিয়ে পাঁচ হাজার একর জমিতে বোরো আবাদ হতো। এ বছর তা হয়নি। প্রভাবশালী আবদুস সাত্তার, মো. ফারুক, মো. মোস্তফা সরদার ও তাঁদের লাঠিয়াল বাহিনী দিয়ে দুই মাস আগে খালে বাঁধ দিয়ে মাছ ধরেছেন।মোস্তফা সরদার ও ফারুক মিয়া বলেন, ‘জলাশয়টি আমরা সরকারের কাছ থেকে ইজারা নিয়েছি। মাছ চাষের উপযোগী করার জন্য কচুরিপানা পরিষ্কার, চুন ও কীটনাশক প্রয়োগ করতে সময় নিচ্ছি। আশা করি শিগগিরই বাঁধ ছেড়ে দেব। তখন আর পানির সমস্যা থাকবে না।’ খাল সেচে মাছ ধরা বেআইনি, এটা জানেন কি না প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে তাঁরা মুঠোফোনের লাইন কেটে দেন।ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) এস এম ফরিদ উদ্দিন বলেন, ‘আমি নিজেও জনগণ ও কৃষকের ভোগান্তি দেখে এসেছি। সরকারি জলাশয় মাছ চাষের জন্য ইজারা দেওয়া হলেও তা সেচে শুকিয়ে জনগণের ভোগান্তি বাড়ানোর কোনো বিধান নেই।’