৫০০ কিলোমিটার নালা-নর্দমা ঢাকনাবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শতাধিক এলাকার নালা-নর্দমা খোলা ও অরক্ষিত অবস্থায় রয়েছে। প্রায় ৫০০ কিলোমিটার নালা-নর্দমা উন্মুক্ত থাকলেও এগুলোতে ঢাকনা দেওয়ার জন্য কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার নালা-নর্দমার উপরিভাগ খোলা। ফুটপাতের পাশের অধিকাংশ নালা-নর্দমায় ঢাকনা থাকলেও সেগুলো ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে। একটু অসতর্ক হলেই তাদের দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে।জানা গেছে, নগরের আম্বরখানা, বড়বাজার, কালীবাড়ি, লামাপাড়া, সোনারপাড়া, শিবগঞ্জ, ঝালোপাড়া, বিলপাড়, বাগবাড়ী, শাপলাবাগ, উপশহর, আখালিয়া, পাঠানটোলা, পিরমহল্লা, হাউজিং এস্টেট, সেনপাড়া, দর্জিপাড়া, রায়নগর, পুলিশ লাইনস, মীরের ময়দান, কেওয়াপাড়া, যতরপুর, চালিবন্দর, সোবহানীঘাট, কাষ্টঘরসহ শতাধিক এলাকার নালা-নর্দমা ঢাকনাবিহীন। যেসব এলাকায় ঢাকনা রয়েছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে সেগুলোর বেশির ভাগেই ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের ৯৬৭ কিলোমিটার নালা-নর্দমার মধ্যে ৫০০ কিলোমিটারই উন্মুক্ত অবস্থায় রয়েছে।পিরমহল্লা এলাকার খায়রুল কবীর বলেন, বিশেষ করে রাতের বেলা পথ চলতে আতঙ্কে থাকতে হয়। কারণ, এত বড় বড় নর্দমায় একবার পড়ে গেলে ওঠা দুষ্কর। তা ছাড়া বৃষ্টি হলে আতঙ্ক আরও বেড়ে যায়। গত বছর প্রবল বৃষ্টির দিনে একটি কন্যাশিশু খোলা নর্দমায় পড়ে হারিয়ে যায়। এক দিন পর আট কিলোমিটার দূরের সুরমা নদীতে মেয়েটির মৃতদেহ ভেসে ওঠে।কালীবাড়ি এলাকার নিবারণ দাশ বলেন, নালা-নর্দমাগুলো অরক্ষিত থাকায় পথ চলাচলে সমস্যা হয়। কালীবাড়ি এলাকার নর্দমাগুলো অনেক প্রশস্ত। তবে নালাগুলোর ঢাকনা না থাকায় প্রায় সময়ই রিকশা কিংবা অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এগুলোর মধ্যে পড়ে যায়।নগরের অর্ধেকেরও বেশি এলাকার নর্দমা উন্মুক্ত রয়েছে স্বীকার করে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিবছরই কয়েক কিলোমিটার করে নালা-নর্দমায় ঢাকনা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় অর্থ না থাকায় সব কটি নর্দমা সংস্কারের কাজ একসঙ্গে করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে নালাগুলো সংস্কার করা হচ্ছে।