আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার—চারটি জেলার প্রায় ৫০০ কিলোমিটার মহাসড়কে বাড়তি ৭০০ পুলিশ মোতায়েন করা হচ্ছে। আগামী বুধবার থেকে মোতায়েনের কাজ শুরু হবে।ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, চট্টগ্রাম-হাটহাজারি-খাগড়াছড়ি সড়ক এবং চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এসব পুলিশ দায়িত্ব পালন করবে।জানা গেছে, পুলিশের পরিকল্পনা অনুযায়ী, কুমিল্লা জেলার ১৬৫ কিলোমিটার মহাসড়কে ১৩৩ জন, ফেনী জেলার ৩৫ কিলোমিটার সড়কে ৩০ জন, কক্সবাজার জেলার ১১২ কিলোমিটার সড়কে ২৫০ জন এবং চট্টগ্রাম জেলার ১৮০ কিলোমিটার সড়কে ৩০০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। তাঁরা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে, নিরাপত্তা চৌকি (চেকপোস্ট) বসিয়ে এবং মোটরসাইকেলে টহল দিয়ে দিন-রাত ২৪ ঘণ্টায় পালাক্রমে দায়িত্ব পালন করবেন। মাঝপথে কোনো যানবাহন দুর্ঘটনাকবলিত কিংবা অন্য কোনো কারণে অচল হলে তা দ্রুত সরানোর জন্য রাখা হচ্ছে গাড়ি অপসারণে পুলিশের বিশেষ যান (রেকার)।একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন, মহাসড়কে চলার পথে কোনো যানবাহন যাতে আটকে না থাকে, সেই লক্ষ্যে পুলিশ দায়িত্ব পালন করবে। আর দুর্ঘটনাকবলিত কিংবা অচল যানবাহন রেকার দিয়ে দ্রুত সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে মলম পার্টি কিংবা অজ্ঞান পার্টির খপ্পরে না পড়ে, সে বিষয়টিও পুলিশ দেখবে।পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. নওশের আলী প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা থেকে চট্টগ্রামের সিটি গেইট পর্যন্ত এলাকা আমাদের জাতীয় হাইওয়ে। এটাই আমাদের বড় মাথাব্যথার কারণ। কেননা, এই অংশের বিভিন্ন জায়গা ভেঙেচুরে এখন যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঈদে যানবাহনের চাপ যখন বাড়বে, তখন পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’পুলিশ সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপের কথা বিবেচনা করে ইতিমধ্যে হাইওয়ে ও জেলা পুলিশ দফায় দফায় বৈঠক করে মহাসড়কে বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়। ৩ আগস্ট রেঞ্জ ডিআইজির পক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সর্বশেষ বৈঠক ডাকা হয়। এর আগে বৈঠক হয় যানবাহন ও ট্যাংক-লরির মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে।সূত্রমতে, দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশ ইতিমধ্যে মহাসড়ককে বিভিন্ন অঞ্চলে ভাগ করে নিয়েছে। এসব অঞ্চলের মাঠপর্যায়ে দায়িত্বে থাকবেন পুলিশের পরিদর্শক, উপপরিদর্শক ও সহকারী পরিদর্শক। সরেজমিনে উপস্থিত থেকে তাঁদের কাজ তদারক করবেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার। মাঠপর্যায়ের পুলিশ প্রতি আট ঘণ্টা করে পর্যায়ক্রমে তিনটি পালায় দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।