গত অর্থবছরে ৫০০ কোটি টাকারও বেশি দামের ধান ও গম ইঁদুরের পেটে গেছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য দিয়েছেন।
এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, গত অর্থবছরের হিসাবে ইঁদুর ক্ষতি করেছে দুই লাখ ৭৩ হাজার ৯০০ মেট্রিক টন ধান ও গম। এর বাজারমূল্য ৫১৯ কোটি ৬৫ লাখ টাকা।
গতকাল সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। তার আগে বিকেল সাড়ে তিনটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষি উন্নয়নে সার, বিদ্যুৎ, ডিজেল প্রভৃতি খাতে ভর্তুকি দিয়ে আসছে। চলতি ২০১১-১২ অর্থবছর পর্যন্ত মোট ৩৩ হাজার ৮৩০ কোটি ১০ লাখ টাকা এই খাতে ভর্তুকি দেওয়া হয়েছে।
ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ৬১ জাতের ধান উদ্ভাবন করেছেন। এর মধ্যে ৫৭টি উচ্চফলনশীল এবং চারটি হাইব্রিড জাতের।
শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, চলতি ইরি-বোরো মওসুমে বীজ, সার, বালাই ব্যবস্থাপনা, পারিবারিক ও ভাড়া শ্রম, সেচ, মূলধনের সুদ ইত্যাদি ব্যয় বিবেচনায় দেখা যায়, ধানের উৎপাদন প্রতি কুইন্টাল (১০০ কেজি) এক হাজার ৬৯৬ টাকা। সরকার প্রতি কুইন্টাল ধান এক হাজার ৮৫০ টাকা এবং চাল দুই হাজার ৯০০ টাকায় ক্রয় করছে।
বিএনপির রাশেদা বেগমের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য বোরো ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ১৮ টাকা ৫০ পয়সা। চলতি অর্থবছরে কৃষি উপকরণের জন্য প্রায় ১২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। তা ছাড়া ডিজেলের দাম কিছুটা বাড়লেও কৃষকের স্বার্থ সংরক্ষণ করা হচ্ছে।