চুয়াডাঙ্গার সদর উপজেলার জালশুকা গ্রামে সাপের কামড়ে এক শিশু মারা গেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। জেলা সদরের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকলেও শিশুটির বাবা তাকে নিয়ে একে একে তিনজন কবিরাজের কাছে যান। দীর্ঘ সময় ধরে ঝাড়ফুঁক দেওয়া হলে শিশুটি মারা যায়।মারা যাওয়া ওই শিশুটির নাম সংগ্রাম (৮)। সে জালশুকা গ্রামের মুনসুর আলীর ছেলে। মুনসুর আলী জানান, সরকারি হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসা দেওয়া হয়, তা তিনি জানতেন না। মুনসুর আলীর মতো জালশুকা গ্রামের অনেকেই জানান, সরকারি হাসপাতালে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসার বিষয়টি তাঁদের জানা নেই।ইব্রাহিম হোসেন নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার বিষয়ে প্রচার কার্যক্রম না থাকায় এবং অভিভাবকের অসচেতনতার কারণে প্রতিবছর সাপের কামড়ে অনেক শিশু মারা যাচ্ছে।সংগ্রামের চাচা মসলেম আলী জানান, শুক্রবার রাতে মা ফাতেমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিল সংগ্রাম। রাত ১২টার দিকে তাকে সাপে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের কয়েকজন সদস্য এসে সাপটিকে খুঁজে বের করে মেরে ফেলে। বাকিরা সংগ্রামকে নিয়ে চার কিলোমিটার দূরে শংকরচন্দ্র গ্রামের কবিরাজ আলী কদর ও জহুরুল ইসলামের কাছে যায়। তাঁদের ঝাড়ফুঁক চলাকালে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে ওই দুই কবিরাজ জানান, তাঁদের করার কিছুই নেই। এ অবস্থায় তারা শিশুটিকে নিয়ে বেলগাছি গ্রামের আরেক কবিরাজ মহেবুল্লাহর কাছে যায়। মহেবুল্লাহ ঝাড়ফুঁক দেওয়ার আগেই শিশুটি মারা যায়। মহেবুল্লাহর বাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন কামরুল হুদা জানান, দেশের জেলা সদরের হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে সাপে কামড়ানো রোগীকে চিকিৎসা দেওয়ার বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। তবে কিছু সীমাবদ্ধতার কারণে প্রত্যন্ত এলাকায় এ বিষয়ে প্রচার কার্যক্রম চালানো সম্ভব হয় না।