৫০০ গজের জন্য দেড় কিলোমিটার সড়ক নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরে নির্মাণাধীন ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভারী মালামাল পরিবহনের কারণে সান্তাহার-রানীনগর সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে দুটি উপজেলার ২২টি গ্রামের কয়েক হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মালামাল পরিবহনের জন্য কেন্দ্রের পশ্চিম পাশের সান্তাহার-নাটোর বাইপাস সড়ক ব্যবহার করার কথা ছিল। এ জন্য বিদ্যুৎকেন্দ্রের বাইপাস সড়কের সঙ্গে প্রায় ৫০০ গজ দীর্ঘ সংযোগসড়ক নির্মাণের প্রয়োজন ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সংযো গসড়ক তৈরি না করে হালকা যানবাহন চলাচলের উপযোগী সান্তাহার-রানীনগর সড়কটি ব্যবহার করে। এ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করায় দেড় কিলোমিটার এলাকায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যুৎকেন্দ্রর ঠিকাদারি প্রতিষ্ঠান বর্তমানে বাইপাস সড়কের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ করে সেখান দিয়ে যাতায়াত করছে। সংশ্লিষ্ট এলাকার পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা জানান, রাস্তাটি ব্যবহারের সময় ঠিকাদারকে নিষেধ করা হলেও তাঁরা নিষেধ শোনেননি।সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদার রাস্তা ব্যবহার শুরু করলে পৌরসভার পক্ষ থেকে কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী তরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাজ শেষে রাস্তাটি পুনর্নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। উপবিভাগীয় প্রকৌশলী তরুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজ শেষ করার আগেই রাস্তাটি করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।পৌর মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘ছয় মাস আগে বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরুর সময় সড়কটি ব্যবহার করতে সংশ্লিষ্টদের নিষেধ করা হয়েছিল। কিন্তু তাঁরা কথা শোনেননি। তবে তাঁরা কাজ শেষের আগেই রাস্তাটি ঠিক করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। আর রাস্তার করুণ পরিণতি সম্পর্কে আমি বিদ্যুৎ মন্ত্রণালয়ে ইতিমধ্যে একটি অভিযোগ দিয়েছি।’