৫০০ টাকা করে জরিমানা দিয়ে ছাড়া পেলেন ছয় পাখি বিক্রেতা
বাগেরহাটে জনপ্রতি ৫০০ টাকা জরিমানা দিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছ থেকে রেহাই পেয়েছেন শতাধিক পাখিসহ আটক ছয় পাখি বিক্রেতা। গতকাল রোববার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এঁদের বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ১১০টি জীবিত ও মৃত দশটি পাখিসহ আটক করে। এসব পাখির মধ্যে রয়েছে কালকুচ, হাঁসপাখি, ডুংকোর, বুরি, বিলবিলি ও বাবুই। চলতি শীতের মৌসুমে কোনো আইন প্রয়োগকারী সংস্থার হাতে পাখিসহ বিক্রেতা আটক হওয়ার ঘটনা এটাই প্রথম। বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) খন্দকার রফিকুল ইসলাম দুপুরে তাঁর কার্যালয়ের সামনে উদ্ধার করা জীবিত পাখিগুলো ছেড়ে দেন।দণ্ড পাওয়া ছয় পাখি বিক্রেতা হলেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবার গ্রামের মো. মজনু মোড়ল, একই ইউনিয়নের কুরশাইল গ্রামের মো. সিরাজ মোড়ল, বয়াসিংগা গ্রামের মো. মিন্টু হাওলাদার, ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা গ্রামের শেখ দেলোয়ার হোসেন, মূলঘর গ্রামের মো. কাওছার মোড়ল এবং ফকিরহাট সদর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের মো. আকবর আলী।পুলিশের হাতে আটক পাখি বিক্রেতা মজনু মোড়ল বলেন, তাঁরা পাঁচ-সাত বছর ধরে শিকারিদের কাছ থেকে পাখি কিনে তা বিক্রি করে আসছেন। শীতের মৌসুমে পাখি বিক্রি করে তাঁরা প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার টাকা উপার্জন করেন। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী এই প্রতিবেদককে বলেন, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার উজলপুর বাজার, হদেরহাট বাজার, ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা বাজার এবং সৈয়দ মহল্লা এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলোসহ বিক্রেতাদের আটক করা হয়। বিকেলে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বন্য প্রাণী সংরক্ষণ আইনে আটক করা ব্যক্তিদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করে পাখি বিক্রি না করার অঙ্গীকার নিয়ে ছেড়ে দেন। বাগেরহাটের পুলিশ সুপার অতিথি পাখিসহ সব ধরনের পাখি শিকার বন্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।