৫০০ টাকা পেলেন চন্দ্রবান বিবি
সিলেটের বালাগঞ্জের বন্যাকবলিত দরিদ্র নারী চন্দ্রবান বিবির হাতে ৫০০ টাকা তুলে দেওয়া হয়েছে। গতকাল রোববার পত্রিকায় খবর পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলম চন্দ্রবান বিবিকে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে আসেন। এ সময় তাঁর খোঁজখবর নেন ইউএনও। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিকেশ চন্দ্র রায়, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমদ ও সদস্য আবদুল হাফিজ রেনুর উপস্থিতিতে চন্দ্রবান বিবির হাতে ৫০০ টাকা তুলে দেওয়া হয়।আনোয়ার উদ্দিন আহমদ বলেন, বয়স্ক ভাতার জন্য প্রস্তাবিত ২০ জনের তালিকায় তাঁর নাম রয়েছে। বন্যা শুরুর পর তাঁকে চাল দেওয়া হয়েছে।ইউএনও রফিকুল আলম বলেন, ‘চন্দ্রবান বিবি যাতে সরকারি অন্যান্য সুযোগসুবিধা পায়, সে ব্যবস্থা নিতে চেয়ারম্যানকে বলেছি।’গতকাল রোববার প্রথম আলোয় ‘চন্দ্রবানের কথা তবু থামে না’ শিরোনামে সিলেটের বালাগঞ্জের রুপিয়া গ্রামের অতিদরিদ্র নারী চন্দ্রবান বিবির ওপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়।