৫০০ টাকার জন্য পরীক্ষা বন্ধ!
চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এক পরীক্ষার্থীকে মাত্র ৫০০ টাকার জন্য এইচএসসি পরীক্ষা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্র জানায়, মানবিক বিভাগের আরাফাত হোসেন গত বছর এইচএসসি পরীক্ষা দিয়ে বাংলা ও ইসলামের ইতিহাসে অকৃতকার্য হয়। এ বছর ওই দুটি বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য সে ফরম পূরণ করে।
আরাফাতের ভাষ্যমতে, গতকাল সকালে সে কেন্দ্রে পৌঁছে সেখানে উপস্থিত কলেজের অফিস সহকারী জামাল উদ্দিন ভূঁইয়ার কাছে প্রবেশপত্র চায়। কিন্তু জামাল ৯০০ টাকা দাবি করেন।
আরাফাত আরও বলে, ‘আমার কাছে ছিল ৪০০ টাকা। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর আমাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।’ জামাল উদ্দিন বলেন, ‘অধ্যক্ষের নির্দেশে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে তাকে প্রবেশপত্র দিতে খোঁজাখুঁজি করি। এর আগেই ছেলেটি চলে যায়।’