৫০০ টাকার রিচার্জে আপত্তি জানাল অপারেটররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের প্রিপেইড সংযোগে এক দিনে সর্বোচ্চ ৫০০ টাকা রিচার্জের সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে দেশের সব মোবাইল অপারেটর। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) গতকাল বুধবার দেওয়া এক চিঠিতে এ সিদ্ধান্তের বিরোধিতা করে মোবাইল অপারেটররা বলছে, এটি করা হলে মুঠোফোন ব্যবহারকারীরা ৪২২ টাকার বেশি মূল্যের কোনো প্যাকেজ কিনতে পারবেন না।
মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবীরের সই করা চিঠিতে বলা হয়েছে, মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক থাকায় একজন গ্রাহক মুঠোফোনে ৫০০ টাকা রিচার্জ করলে এর পুরোটাই তিনি ব্যবহার করতে পারেন না। ১৫ শতাংশ মূসক ও ৩ শতাংশ সম্পূরক শুল্ক যোগ করে গ্রাহক প্রকৃতপক্ষে ব্যবহার করেন ৪২২ টাকা। অথচ বিভিন্ন মোবাইল অপারেটরের মুঠোফোন ও ইন্টারনেট-সংক্রান্ত অনেক প্যাকেজের মূল্য ৫০০ টাকার বেশি। তাই এ ধরনের বেশি অঙ্কের প্যাকেজ তাঁরা কিনতে পারবেন না।
চিঠিতে আরও বলা হয়েছে, এমন সিদ্ধান্তে বাজারে চালু থাকা বড় অঙ্কের প্যাকেজগুলো বন্ধ করে দিলে গ্রাহক অসন্তোষ দেখা দিতে পারে। বিষয়টি নিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নিতেও অনুরোধ করেছে অ্যামটব।
বিটিআরসির গত মঙ্গলবার জারি করা এক নির্দেশনায় বলা হয়, একজন প্রিপেইড গ্রাহক তাঁর মুঠোফোনে সর্বোচ্চ ৫ হাজার টাকার ব্যালেন্স রাখতে পারবেন। আর এক দিনে সর্বোচ্চ ৫০০ টাকা রিচার্জ করতে পারবেন।
একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা রিচার্জ করার নিয়মটি এত দিন চালু ছিল। সেটিকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে মোবাইল অপারেটররা।