৫০০ তামাক চুল্লির ধোঁয়ায় বিষাক্ত বাঘাইছড়ির বাতাস
তামাক চুল্লিতে ছেয়ে গেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা। বাড়ির আঙিনা, বিদ্যালয়ের পাশে, ফসলের জমিতে, সংরক্ষিত বনের ভেতরে ও পৌর শহর কোথাও বাদ পড়েনি। যেদিকে চোখ যায়, শুধু চুল্লি আর চুল্লি। পাঁচ শতাধিক তামাক চুল্লির ধোঁয়ায় ভারী হয়ে উঠছে বাঘাইছড়ির বাতাস। লোকজনের মধ্যে শ্বাসকষ্টসহ নানা রোগ দেখা দিয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই শ্বাসকষ্ট ও বুকের ব্যথায় ভুগছে। এসব সমস্যা তামাক চুল্লির ধোঁয়ার কারণেই হচ্ছে।’ দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, তামাকের কীটনাশক খেয়ে অসুস্থ দুই শিশুকে কয়েক দিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অল্পের জন্য তাদের রক্ষা করা গেছে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পাঁচ শতাধিক তামাক চুল্লি ও একটি ইটভাটা জ্বলছেই। প্রশাসনের নিষেধ সত্ত্বেও ইটভাটা ও তামাক চুল্লিগুলোতে সংরক্ষিত বনের কাঠ পোড়ানো হচ্ছে।তামাকচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তামাক চুল্লিগুলোতে প্রতিদিন কয়েক হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে। এর অধিকাংশই আসছে সংরক্ষিত বন থেকে। প্রতিটি চুল্লিতে গড়ে ৩০ জন শ্রমিক কাজ করেন। এ ছাড়া তামাক খেত থেকে পাতা ছেঁড়া ও সাজানোর কাজে নিয়োজিত রয়েছেন ৩০ হাজারের বেশি শ্রমিক। শ্রমিকসংকটের কারণে এখন নারী ও শিশুদের তামাক চুল্লিগুলোতে নামানো হচ্ছে বলে চাষি বীরবাহু চাকমা জানান।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, গত বছর মাত্র ৬০০ একর জমিতে তামাক চাষ হয়েছে। এ বছর তা দুই হাজার একরে দাঁড়িয়েছে। প্রতি তিন একর জমিতে একটি তামাক চুল্লি লাগে। আর একটি চুল্লিতে তামাক পাতা শুকাতে দুই হাজার মণ কাঠ প্রয়োজন। সেই হিসাবে শুধু এ বছরই পাঁচ শতাধিক তামাক চুল্লিতে ১০ লাখ মণ কাঠ পোড়ানো হচ্ছে।মাস্টারপাড়ার একটি চুল্লিতে কাজ করছিলেন শ্রমিক বাচ্চু মিয়া (৩৫)। তিনি বলেন, ‘তামাক চুল্লিতে ঢুকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মুখে কাপড় বেঁধে কাজ করি। তার পরও অনেক কষ্ট হয়। তামাক পাতা থেকে একটা বিষাক্ত গন্ধ বের হয়।’ কাচালং কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল ফজল জানান, চুল্লির শ্রমিক ছাড়াও কালো ধোঁয়ায় আশপাশের গ্রামবাসীর স্বাস্থ্যের চরম ক্ষতি হচ্ছে।দূরছড়ি বন বিভাগের বিট কর্মকর্তা দেলোয়ার হোসেন খান জানান, তামাকের চুল্লিতে দৈনিক কয়েক হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে। উপজেলা প্রশাসনকে এ বিষয়ে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা শিগগিরই তামাক চুল্লি ও ইটভাটায় অভিযান চালাব।’