‘গত দেড় বছর ধরে বাসায় পানি পাচ্ছি না। আমরা কীভাবে বাঁচি বলেন? আপনাদের কি একটুও দয়া হয় না? খরচ লাগলে খরচ দেব; তবু আমাদের পানির ব্যবস্থা করে দেন।’
সম্প্রতি নোয়াখালী পৌরসভার পানি সরবরাহ শাখার প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে এভাবে পানির জন্য আকুতি জানান শহরের হাউজিং এস্টেটের ১১ নম্বর সড়কের বাসিন্দা শাহনাজ পারভিন।
পানিসংকটে শুধু শাহনাজ পারভিন নন, হাউজিং এস্টেটের শতাধিক বাড়ির কমপক্ষে ৫০০ পরিবার পানিসংকটে ভুগছে।
সম্প্রতি পানির সমস্যা নিয়ে কথা বলতে পানি সরবরাহ শাখায় আসেন হাউজিং এস্টেট এলাকার আরও দুজন গ্রাহক। তাঁরা এ সময় পানি সরবরাহ নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন। তাঁরা বলেন, দেড় বছরের বেশি সময় ধরে পৌরসভা থেকে সরবরাহ করা পানি পাচ্ছেন না তাঁরা। এ নিয়ে তাঁরা একাধিকবার পৌরসভার মেয়রের কাছে লিখিত অভিযোগ করেছেন। মেয়র সমস্যা সমাধানে পানি সরবরাহ শাখার সহকারী প্রকৌশলীকে নির্দেশও দিয়েছেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি।
হাউজিং এস্টেট এলাকার কয়েকজন বাসিন্দার অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এলাকার চার-পাঁচটি বাড়ির জন্য সম্প্রতি চার ইঞ্চি ব্যাসের বিশেষ পানির লাইন নির্মাণ করা হয়েছে। অথচ হাউজিং এস্টেটের ৫০০ পরিবারের সমস্যার কথা বিবেচনা করা হয়নি।
১৩ নম্বর সড়কের পাশের বাসিন্দা কলেজশিক্ষক মো. সামছুদ্দীন বলেন, তিনি ২০১১ সালের জানুয়ারি থেকে নিয়মিত পানির বিল দিচ্ছেন। কিন্তু ঠিকমতো পানি পাচ্ছেন না। প্রায় সময় বাইরে থেকে পানি কিনে এনে পান করতে হয়।
পৌরসভার পানি শাখার সহকারী প্রকৌশলী নূর আলম বলেন, পানির মূল লাইন থেকে যে শাখা লাইন বিভিন্ন সড়কের পাশে বসানো হয়েছে, সেখান থেকে অবৈধভাবে পাম্পে সংযোগ দিয়েছেন অনেক ব্যক্তি। এতে অন্য গ্রাহকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু বিচ্ছিন্ন করার দু-এক দিনের মধ্যেই এসব ব্যক্তি আবার অবৈধভাবে সংযোগ স্থাপন করেন।
নূর আলম বলেন, টাকার বিনিময়ে কয়েক বাড়ির জন্য পাইপ লাইন বসানোর অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, হাউজিং এস্টেটের যেসব গ্রাহক ঠিকমতো পানি পাচ্ছেন না, তাঁদের সমস্যা সমাধানে পানি শাখার লোকজন কাজ করছেন।
পৌরসভার সচিব খান মো. ফারাবী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। পানি শাখার সহকারী প্রকৌশলী বলতে পারবেন।
এ ব্যাপারে বক্তব্য নিতে কার্যালয়ে গিয়ে মেয়র হারুনুর রশিদ আজাদকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।