৫০০ পরিবার স্থানান্তরের জায়গা প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন বর্ষায় ভূমিধসের ঝুঁকিতে থাকা ৫০০ রোহিঙ্গা পরিবারকে স্থানান্তরের জন্য ১২ একর নিরাপদ জায়গা প্রস্তুত করেছে তিনটি আন্তর্জাতিক সংস্থা।  ছবি: ইউএনএইচসিআর– এর সৌজন্যে
আসন্ন বর্ষায় ভূমিধসের ঝুঁকিতে থাকা ৫০০ রোহিঙ্গা পরিবারকে স্থানান্তরের জন্য ১২ একর নিরাপদ জায়গা প্রস্তুত করেছে তিনটি আন্তর্জাতিক সংস্থা। ছবি: ইউএনএইচসিআর– এর সৌজন্যে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি আশ্রয়শিবিরে আসন্ন বর্ষায় ভূমিধসের ঝুঁকিতে থাকা ৫০০ রোহিঙ্গা পরিবারকে স্থানান্তরের জন্য ১২ একর নিরাপদ জায়গা প্রস্তুত করেছে তিনটি আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম গতকাল মঙ্গলবার যৌথ বিবৃতিতে এ কথা জানায়।

উখিয়ার মধুরছড়া এলাকার উঁচু পাহাড় কেটে রোহিঙ্গাদের জন্য এই নিরাপদ বসতি তৈরি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের জন্য প্রথম ধাপে ১২ একর জমি আশ্রয়স্থল হিসেবে প্রস্তুত হয়েছে। এলাকাটি প্রস্তুত করতে ডজনখানেক খননযন্ত্র ও সাড়ে তিন হাজার রোহিঙ্গা শ্রমিক নিযুক্ত করা হয়। এখানে প্রায় ৫০০ রোহিঙ্গা পরিবারের থাকা এবং প্রয়োজনীয় সেবার (যেমন পানি, স্বাস্থ্য এবং শিক্ষা) সুবিধা থাকবে।

আইওএমের কক্সবাজারের ইমার্জেন্সি কো-অর্ডিনেটর ম্যানুয়েল মারকুয়েস পেরেরা বলেন, আরও রোহিঙ্গা পরিবারকে স্থানান্তরের জন্যও এ ধরনের বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ। বর্ষাকাল আসন্ন; তাই নতুন স্থান প্রস্তুত করতে তাঁরা দ্রুত কাজ চালিয়ে যাবেন। সংস্থাটির তথ্যমতে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন পাহাড়ে বাস করছে ৯ লাখের মতো রোহিঙ্গা। রোহিঙ্গাদের বেশির ভাগ ঘর ত্রিপল ও বাঁশের তৈরি, এগুলো রয়েছে খাড়া বালুময় পাহাড়ে। আসন্ন বর্ষা মৌসুমে এখানকার ২ লাখ মানুষ বন্যা ও ভূমিধসের অধিক ঝুঁকিতে পড়বে বলে চিহ্নিত করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রায় ২৪ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য স্থানান্তরের জন্য সরকার ৫০০ একর জমি বরাদ্দ দিয়েছে। কিন্তু কক্সবাজার এলাকার ভূসংস্থানগত কারণে বরাদ্দকৃত জমির ক্ষুদ্র অংশকে আসন্ন বর্ষার আগে নিরাপদ করে তৈরি করা যাবে। সম্প্রতি ঘরবাড়ি তৈরি করায় আগে থেকেই ভূমিধসপ্রবণ এলাকাটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘বছরের এই ঝুঁকিপূর্ণ সময়ে শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। বাংলাদেশ সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অন্যান্য সহযোগী সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষগুলোকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা যায়।’

কক্সবাজারে ইউএনএইচসিআরের অপারেশন প্রধান কেভিন জে অ্যালেন বলেন, ‘এই উচ্চাভিলাষী প্রকল্পের পরবর্তী ধাপে অগ্রসর হতে পেরে আমরা খুবই খুশি। ভূমিধস ও বন্যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে বর্ষার বৈরী পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নিরাপদে সরানোর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে।’

ডব্লিউএফপির ইমার্জেন্সি কো-অর্ডিনেটর পিটার গেস্ট বলেন, ডব্লিউএফপির প্রকৌশলীরা সেতু নির্মাণ, রাস্তা তৈরি, নিরাপদ স্থানান্তরের জন্য জমি প্রস্তুতকরণ, বাঁধ শক্তিশালীকরণ ও নালা পরিষ্কারের কাজ করছেন। বর্ষাকালে যদি কোনো স্থানে চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়, তখন যাতে সব শরণার্থীর কাছে খাদ্য এবং অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে বিভিন্ন স্থানে ১০টি অপারেশনাল সেন্টার নির্মাণ করা হবে। সেখানে আগে থেকেই যন্ত্রপাতি প্রস্তুত রাখা হবে, যাতে ভূমিধসে অতি জরুরি রাস্তাগুলো বন্ধ হয়ে গেলে সেগুলো দ্রুত ঠিক করা যায়। পাশাপাশি পানিপ্রবাহের পথ পরিষ্কার রাখা যাবে। ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করা সংস্থাগুলোর যৌথ আবেদনে এ বছরের ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় ৯৫ কোটি মার্কিন ডলারের মধ্যে মাত্র ১৬ শতাংশ পাওয়া গেছে। ঘাটতি রয়েছে ৭৯ কোটি ৪০ লাখ ডলার।