৫০০ পরিবারকে চাল দিল সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যসংকটে পড়া রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ২৪টি গ্রামের ৫০০ পরিবারকে চাল দিয়েছে সেনাবাহিনী। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সাজেকের কংলাক গ্রামের ৬০টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। একই সময়ে ইউনিয়নের গঙ্গারাম গ্রামের ভাইবোন ছড়া এলাকায় আরও ৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
কংলাক গ্রামে চাল বিতরণের সময় উপন্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. ইসমাইল হোসেন খান, কার্বারি (গ্রামপ্রধান) রজনী কুমার ত্রিপুরা ও ইউপি সদস্য শান্তি কুমার চাকমা।
এ ছাড়া ইউনিয়নের দুর্গম ব্যাটলিং, তুইছুই ও শিয়ালদাই মৌজার ২০ গ্রামের ৩৯০টি পরিবারকে গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে জানান মো. ইসমাইল হোসেন খান। তিনি বলেন, দুর্গম এসব গ্রামে হেলিকপ্টারে করে চাল পাঠানো হয়। ভারতে মিজোরাম সীমান্ত এলাকার ওই গ্রামগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় চাল বিতরণ করে সেনাবাহিনী।
ব্যাটলিং মৌজার জৈপুই ও তাংনাং গ্রামের অনিল কান্তি ত্রিপুরা (৬০) ও বাত্য চাকমা বলেন, গ্রামের সবাই ১০ কেজি করে চাল পেয়ে খুশি। এত দিন অর্ধাহারে-অনাহারে থাকতে হয়েছে। এই চাল দিয়ে এক সপ্তাহ চলবে। তাঁরা বলেন, জুমের ফলন কম হওয়ায় আগামী ভাদ্র মাস পর্যন্ত পাহাড়ের দুর্গম গ্রামে খাদ্যসংকট থাকবে। নিয়মিত চাল সহায়তা না পেলে অনেক পরিবারকে অর্ধাহারে-অনাহারে থাকতে হবে।
বাঘাইছড়ি উপজেলার সাজেক, বঙ্গলতলি, মারিশ্যা, বাঘাইছড়ি ও সারোয়াতলি—এই পাঁচ ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে খাদ্যসংকট চলছে। দুর্গম পাহাড়ি গ্রামের মানুষের একমাত্র আয়ের উৎস জুমের ফসল (ধান)। উপজেলা সদরের ৩০ থেকে ৯০ কিলোমিটার দূরে এসব গ্রাম। দুর্গম গ্রামগুলোতে রাস্তা নেই, তাই যানবাহনও চলে না। দুর্গম এলাকার মানুষ জুমের ধানের ওপর নির্ভরশীল। কিন্তু বন ও মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ায় জুমের ফসল উৎপাদন কমে গেছে। এ কারণে বছরে প্রায় পাঁচ মাস (মার্চ থেকে জুলাই) খাদ্যসংকট দেখা দেয় বলে দুর্গম গ্রামের বাসিন্দারা জানান।
বাঘাইছড়ির সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা প্রথম আলোকে বলেন, দুর্গম গ্রামগুলোর ১ হাজার ৪১০টি পরিবারকে গত দেড় সপ্তাহে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পার্বত্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা ১০ মেট্রিক টন চাল বৃহস্পতিবার (আজ) বিভিন্ন গ্রামের ৫০০ পরিবারকে (প্রতি পরিবার পাবে ২০ কেজি) দেওয়া হবে।