৫০০ পানের বরজে মড়ক
দেশের অন্যতম পান উত্পাদনকারী এলাকা কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচ শতাধিক পানের বরজে মড়ক দেখা দিয়েছে। ছত্রাকজনিত ও গোড়া পচা রোগে আক্রান্ত হয়ে পানের পাতা শুকিয়ে যাওয়ায় এই মড়ক দেখা দিয়েছে। এতে চাষি ও কৃষি বিভাগের কর্মকর্তারা পানের উত্পাদন কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন । উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল গফুর মোল্লা বলেন, ‘ফাইট পাখোরা’ নামের একপ্রকার ছত্রাকের আক্রমণে এ রোগ ছড়িয়ে পড়ে। পাতা আক্রান্ত হলে ছোট ছোট কালো দাগ হয়ে যায় এবং পানের লতা ও ডগা শুকিয়ে যায়। এক সপ্তাহের মধ্যে আক্রান্ত পাতায় সম্পূর্ণভাবে পচন দেখা দেয়। এসব রোগে আক্রান্ত হলে এক লিটার পানিতে ডাইথেন এম-৪৫ দুই গ্রাম করে মিশিয়ে ১৫ দিন পর পর পানের বরজে ছিটাতে হবে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেকনাফ উপজেলার ৩২টি এলাকার পাঁচ শতাধিক পানের বরজে ছত্রাকজনিত ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বছর প্রতি বিড়া (৮০টি) পান যেখানে ৩০-৫০ টাকায় বিক্রি হয়েছে, সেখানে এ বছর প্রতি বিড়া ৮০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। এতে পানচাষিরা বিপুল পরিমাণ আয়ের আশা করেছিল। শেষ পর্যন্ত চাষিদের মুখের হাসি কেড়ে নিয়েছে ছত্রাকজনিত (দাগ, কেরেনা) ও গোড়া পচা রোগ। ইতিমধ্যে এসব রোগে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক পানের বরজ নষ্ট হয়ে গেছে।উপসহকারী কৃষি কর্মকর্তা পিপাস কান্তি চৌধুরী বলেন, গত বছর এই উপজেলায় আট শ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছিল। দাম ভালো পাওয়ায় এ বছর উপজেলায় এক হাজার ২২৮ হেক্টর জমিতে পান চাষ করা হয়। এসব জমিতে প্রায় চার হাজার পানের বরজ রয়েছে। এসব বরজে ১৫ হাজার ৪৭৮ জন পানচাষি কাজ করেন। গত বছর প্রায় ৯০ কোটির টাকার পান বিক্রি করা হয়েছিল। বর্তমানে ছড়িয়ে পড়া রোগ প্রতিরোধ করা গেলে চলতি বছর ১৫০-২০০ কোটি টাকার পান বিক্রি করা সম্ভব হবে।