৫০০ বোতল ফেনসিডিল ১৪ কেজি গাঁজা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকা থেকে গতকাল শনিবার ৫০০ বোতল ফেনসিডিল ও ১৪ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যবহূত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, কুমিল্লা থেকে পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ মাদক গাজীপুরে আসছে—এ খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ জেলার কালীগঞ্জ থানার উলুখোলায় একটি সিএনজি ফিলিং স্টেশনের কাছে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে পিকআপ ভ্যানটি সেখানে পৌঁছালে পুলিশ সেটি থামানোর সংকেত দেয়। সংকেত উপেক্ষা করে চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের গাড়ি পিছু নিয়ে সামনে গিয়ে সেটির গতি রোধ করে। পরে পিকআপ ভ্যানটি থেকে ৫০০ বোতল ফেনসিডিল ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পিকআপের চালক আমির হোসেন (২৮) এবং তাঁর সঙ্গে থাকা আবদুল বারেক (৫৫) ও মোরশেদ আলমকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।