৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানার জাকির হোসেন সড়ক থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালের এই অভিযানে একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, মো. ওয়াসিম (২১), আনোয়ার হোসেন (৩৩) ও বাদল হাওলাদার (৩১)। এর মধ্যে ওয়াসিম কুমিল্লার, আনোয়ার চাঁদপুরের ও বাদল বরিশালের স্থায়ী বাসিন্দা। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক আহম্মেদ বলেন, জাকির হোসেনের খুলশী রেলক্রসিংয়ে তল্লাশি চলাকালে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৩-১৭১২) থামানো হয়। এ সময় মাইক্রোবাসের ভেতর তিনটি চটের বস্তায় থাকা মোট ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, ফেনসিডিলগুলো চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে।