৫০০ ব্যালট বাক্স পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার নির্বাচন কার্যালয়ে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে ৫০০ স্বচ্ছ ব্যালট বাক্স পুড়ে গেছে। একই সঙ্গে অন্যান্য নির্বাচনী মালামাল এবং পুরোনো নথিপত্র পুড়ে গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেলেই নির্বাচন কমিশন দেশের প্রতিটি আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিসে সংরক্ষিত নির্বাচনী মালামালের নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে।
জানা গেছে, নির্বাচন কার্যালয়ের গুদামে আগুন লাগলে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম জানান, আগুনে পুরোনো ব্যালট পেপারসহ বেশ পুরোনো নথিপত্র পুড়ে গেছে। গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র পোড়া যায়নি। এতে আগামী সংসদ নির্বাচনের কোনো প্রভাব পড়বে না।
তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আহমেদ বলেন, আগুনে আসন্ন নির্বাচনে ব্যবহারের উপযোগী ৫০০ ব্যালট বাক্স পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নিয়াজ মোহামঞ্চদ জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
ঘটনা তদন্তের জন্য গতকাল সকালে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি গতকাল বিকেলেই তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেন। তাতে বলা হয়েছে, রাত তিনটার দিকে দুষ্কৃতকারীরা ভবনের জানালা ভেঙে ভেতরে ঢুকে গুদামে অগ্নিসংযোগ করে। এতে ৫০০ স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ২০০ ঢাকনা, একটি ডেক্সটপ কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি অকেজো মোটরসাইকেল, একটি ডিজিটাল ক্যামেরা, তিনটি বৈদ্যুতিক পাখা, চারটি টেবিল, একটি স্ক্যানার ও দরজা-জানালা পুড়ে গেছে।
এদিকে ৫০০ স্বচ্ছ ব্যালট বাক্স পোড়ার ঘটনায় ‘খুব বেশি ক্ষতি হবে না’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তারা শঙ্কিত কি না, জানতে চাইলে মো. শাহ নেওয়াজ বলেন, কমিশন সচিবালয়ের কর্মকর্তারা নির্ভীক।