
গাইবান্ধা-দারিয়াপুর-সুন্দরগঞ্জ সড়কের সদর উপজেলার দারিয়াপুর বাজারে আধা কিলোমিটার অংশে জলাবদ্ধতা লেগেই থাকে। থিকথিকে কাদা। এতে দুর্ভোগ পোহায় গাইবান্ধা সদর ও পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার পাঁচ লাখের বেশি মানুষ।
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের অন্তর্গত দারিয়াপুর বাজার। এই বাজারের ভেতর দিয়ে চলে গেছে গাইবান্ধা-দারিয়াপুর-সুন্দরগঞ্জ সড়ক। এই সড়কের দারিয়াপুর বাজার এলাকার উত্তরে মানস সেতু থেকে দক্ষিণে তেঁতুলতলা পর্যন্ত আধা কিলোমিটার অংশে জলাবদ্ধতা লেগেই থাকে।
গত ২৮ মার্চ দুপুরে ওই সড়ক ঘুরে সরেজমিনে দেখা গেছে দুর্ভোগের চিত্র। রাস্তার জলাবদ্ধ অংশের দুই পাশে দোকানপাট, চায়ের স্টল ও শিক্ষাপ্রতিষ্ঠান। মাঝখানে পানি–কাদায় চলার অযোগ্য হয়ে আছে রাস্তা। কোথাও লোকজন জুতা হাতে সড়কে চলাচল করছে। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলছে ধীরগতিতে। ভারী যানবাহন চলছে ঝাঁকি খেতে
খেতে। ছিটকে উঠছে কাদা। রিকশা-ভ্যান টেনে নিতে ঠেলতে হচ্ছে পেছন থেকে।
এ সময় কথা হয় সদর উপজেলার গিদারি গ্রামের রিকশাচালক বাবলু মিয়ার (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘পানির মদ্দে এ্যাকসা চলেয়া পোত্তেক দিন মেকারের কাচে যাওয়া নাগে। যে ট্যাকা কামাই করি, তাক এ্যাকসা ভালো করতে চলি যায়।’
একই গ্রামের অটোরিকশাচালক মফিজল হক বললেন, ‘দারিয়াপুর বাজারোত আসি পানি ঢুকি ব্যাটারি নসটো হবার নাগচে। আস্তা কোনা কোন দিন ভালো হবি, জানি নে।’
দারিয়াপুর বাজারের ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, বেচাকেনার সময় দ্রুতগামী যানবাহনের পানি ছিটকে দোকানে আসে।
ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান। তিনি বললেন, সড়কের দুরবস্থাটা দেখেন। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে। এটি একটি ব্যস্ত সড়ক। এ সড়ক ধরে সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি এবং সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৫ লাখের বেশি মানুষ জেলা শহরে যাতায়াত করে। এ ছাড়া প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু এই অংশের জলাবদ্ধতায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বিষয়টি সওজ বিভাগকে জানিয়ে কোনো কাজ হয়নি।
দারিয়াপুর গ্রামের কলেজশিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, বাজারের আধা কিলোমিটার অংশের জলাবদ্ধতা নিরসনে গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে একাধিকবার বলা হয়েছে। এ নিয়ে সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছর সওজ বিভাগ সড়কে কিছু ইট বিছিয়ে দেয়। তাতেও কোনো কাজ হয়নি।
এসব বিষয়ে গাইবান্ধা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দারিয়াপুর বাজারের দুই পাশে রাস্তার চেয়ে দোকানপাটের অবস্থান উঁচুতে। তাই বৃষ্টির সময় পানিনিষ্কাশন হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।