হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গাজীপুরের ধনুয়ায় গ্যাস সরবরাহের জন্য গ্রিড পাইপলাইন নির্মাণের কাজ চলছে। আগামী জুনের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছে বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। এতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।পেট্রোবাংলার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, দেশীয় অর্থায়নে এ গ্রিড পাইপলাইন নির্মিত হচ্ছে। এতে ব্যয় হবে এক হাজার ৮০০ কোটি টাকা। ১৩৭ কিলোমিটার দীর্ঘ এ গ্রিড লাইন হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরের ওপর দিয়ে যাবে। এ পর্যন্ত ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিবিয়ানা-ধনুয়া গ্যাস সরবরাহ পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন হলে হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ ঝিংরিপাড় এবং কিশোরগঞ্জের নান্দুলাসহ ছয়টি বাল্বস্টেশনের মাধ্যমে নিকটস্থ পৌরসভা, গৃহস্থালি ও শিল্প খাতে গ্যাস সরবরাহের সুযোগ তৈরি হবে।জানা যায়, জ্বালানি ও বিদ্যুৎ দ্রুত সরবরাহ ও বৃদ্ধি বিশেষ বিধান আইন ২০১০ আওতায় ঢাকায় গ্যাস সরবরাহের জন্য গত ২০১০-১১ অর্থবছরে বিবিয়ানা-ধনুয়া প্রকল্প হাতে নেয় সরকার। এর দায়িত্ব দেওয়া হয় পেট্রোবাংলার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডকে (জিটিসিএল)। তারা ২০১১ সালের জুন থেকে এ কার্যক্রম শুরু করে। গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন প্রজেক্ট বাস্থবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান দীপন গ্যাস, লিবরা গ্যাসসহ প্রায় ২০টি দেশীয় ঠিকাদার প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে।এ গ্রিড লাইনকে চারটি সেকশনে ভাগ করা হয়েছে। সেকশন-এ (লট-১) আজমিরীগঞ্জ, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার সাড়ে ৪১ কিলোমিটার (হবিগঞ্জের কালনী নদী থেকে কিশোরগঞ্জের ধনুয়ানদী পূর্ব পাড় পর্যন্ত)। সেকশন-বি (লট-২) কিশোরগঞ্জের ইটনা, মিটামইন, নিকলী, করিমগঞ্জ, সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ার ৬৯ কিলোমিটার (কালনী নদী ও ধনুয়া নদীর পূর্ব পাড়)। সেকশন-সি (লট-৩) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাড়ে ১১ কিলোমিটার (ধনুয়া পশ্চিমপাড় থেকে কিশোরগঞ্জের সুকিয়া মৌজা)। সেকশন-ডি কিশোরগঞ্জের সুকিয়া থেকে গাজীপুরের ধনুয়া ১৬ কিলোমিটার।দীপন গ্যাস কর্তৃপক্ষ জানায়, ১৩৭ কিলোমিটার দীর্ঘ এ গ্রিডলাইনে তিন ফুট ব্যাসের ১২ মিটার দৈর্ঘ্যের ১৩ টন ওজনের সিসিকোটিং পাইপ ও ছয় টন ওজনের ত্রিএলপি পাইপ বসানো হচ্ছে। প্রতি কিলোমিটারে এ রকম ৮০টি পাইপ ব্যবহার হবে। এ পাইপলাইন বসানো শুরু হয়েছে সেকশনের আজমিরীগঞ্জের কাকাইলছেও থেকে। বর্তমানে বানিয়াচং ও নবীগঞ্জের ওপর দিয়ে এর কাজ চলছে। গ্যাস পাওয়ার দাবিতে আন্দোলন: গ্যাস পাওয়ার দাবি নিয়ে নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচংবাসী এখনো আন্দোলন করছেন। এমনকি কোথাও কোথাও এ পাইপলাইন নির্মাণে তাঁরা বাধা দিচ্ছেন। তাঁদের দাবি, বিবিয়ানার গ্যাস দেশের নানা স্থানে যাবে। অথচ তাঁরা এ গ্যাস ব্যবহার করতে পারবেন না। কাজেই তাঁরা এ ব্যাপারে সরকারের সহযোগিতা চান। পরে এ দাবির পরিপ্রেক্ষিতে বানিয়াচংয়ের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) সঙ্গে এক সমঝোতা স্বাক্ষর করেছেন জিটিসিএলের মহাব্যবস্থাপক (জিএম) ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহমুদ খান। এ সময় গ্যাস সরবরাহ ও পাওয়ার সুযোগ হিসেবে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও ঝিংরিপাড়ে তিনটি বাল্বস্টেশন রাখার আশ্বাস দেয় জিটিসিএল। জিটিসিএলের উপব্যবস্থাপক মো. কামাল হোসাইন বলেন, জুনের মধ্যে এর কাজ শেষ হলে আগামী শুষ্ক মৌসুমেই সরকার ইচ্ছা করলে বানিয়াচং-আজমিরীগঞ্জ ও নবীগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ করতে পারবে।জিটিসিএলের প্রকৌশলী মো. মাহমুদ খান জানান, প্রকল্পের ৬০ ভাগ কাজ শেষ। আগামী জুনের মধ্যে বাকি কাজ শেষ হবে। কাজ শেষ হলে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।