ঠিকাদারের গাফলতির অভিযোগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার বর্ধিত ভবন নির্মাণের কার্যাদেশ বাতিল করে পুনঃদরপত্রের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই ভবন নির্মাণকাজের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন। এ পরিপ্রেক্ষিতে হাসপাতালের এক হাজার শয্যায় উন্নীতকরণ-প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।এক হাজার শয্যায় উন্নীতকরণ-প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে দক্ষিণাঞ্চলের বিপুলসংখ্যক রোগীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৫০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন গড়ে দেড় হাজার রোগীকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।জানা গেছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বর্ধিত ভবন নির্মাণের উদ্যোগ নেয়। এ জন্য ২০০৭ সালের অক্টোবরে দরপত্র আহ্বান করা হয়। ২০০৮ সালের ৪ মার্চ ২৫ কোটি টাকা ব্যয়ের ওই ভবন নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান জেবি আজাদ কনস্ট্রাকশন ও ঢাকা মার্কেন্টাইল করপোরেশন লিমিটেড। কার্যাদেশ অনুযায়ী ২০১০ সালের জুনের মধ্যে ভবন হস্তান্তর করা কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত কাজ না করায় কর্তৃপক্ষ ভবনটি সাত তলার পরিবর্তে পাঁচতলা পর্যন্ত নির্মাণের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী নির্মাণ ব্যয় ধরা হয় ২১ কোটি টাকা। ২০০৯ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি নানা অজুহাতে ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখে। এরপর ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ পাওয়া অতিরিক্ত দুই কোটি ৮০ লাখ টাকা ফেরত পাঠানো হয়।২০১২ সালের জুনেও ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি ভবনটি বুঝিয়ে দিতে পারেনি। পরে কাজে গাফিলতি ও দীর্ঘসূত্রতার অভিযোগে গত ৪ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে ওই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ১১ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। নির্মাণকাজে গাফিলতির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. ফয়েজ হোসেন বলেন, ‘আমাদের এক কোটি ১৫ লাখ টাকা বিল বাকি থাকার পরও একতরফাভাবে কার্যাদেশ বাতিল করা হয়েছে। এ জন্য আমরা সেপ্টেম্বর মাসে আদালতে রিট আবেদন করি।’হাসপাতালের পরিচালক ফেরদৌস আলম বলেন, ৫০০ শয্যার এ হাসপতালে প্রতিদিন গড়ে দেড় হাজার রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। মেঝে ও বারান্দায় রোগী রেখেও চাপ সামাল দেওয়া যাচ্ছে না। দ্রুত ভবনটির নির্মাণকাজ শেষ করা হলে দক্ষিণাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপকৃত হতো। বরিশাল গণপূর্ত বিভাগ (মেডিকেল কলেজ হাসপাতাল)-এর উপ-নির্বাহী প্রকৌশলী বরুণ কুমার বিশ্বাস বলেন, একাধিকবার চিঠি দিয়েও ঠিকাদারদের দিয়ে কাজ করানো সম্ভব হয়নি।