৫০০ শয্যার 'পরিত্যক্ত' ভবন চালুর দাবি
>

আজ বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসছেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ রোববার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসছেন। সাত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা হাসপাতালের ৫০০ শয্যার বহুতল ভবন দ্রুত নির্মাণের দাবি জানানো হবে মন্ত্রীর কাছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবন হস্তান্তর না হওয়ায় ধারণক্ষমতার তিন গুণের বেশি রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। দুর্ভোগে পড়ছে সেবা নিতে আসা রোগীরা।
রোববার স্বাস্থ্যমন্ত্রী নাসিম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করবেন। এ সময় তাঁর কাছে প্রধান দাবি হিসেবে পরিত্যক্ত ভবন নির্মাণের দাবি জানানো হবে।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ২০০৮ সালের মার্চে বর্তমান হাসপাতালের পূর্ব পাশে একটি ৫০০ শয্যার ভবন নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০১০ সালের জুনের মধ্যে ভবন হস্তান্তর করার কথা ছিল। দীর্ঘ সাত বছর বর্ধিত পাঁচতলা ভবনটি ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। গতকাল শনিবার পুরোনো ৫০০ শয্যার হাসপাতালে ১ হাজার ৬৯৩ জন রোগী ভর্তি ছিল। হাসপাতালে জায়গা ও শয্যাসংকটের কারণে মেঝে এবং করিডরও রোগীতে ঠাসা। সবচেয়ে খারাপ অবস্থা গাইনি, পুরুষ, নারী ও সার্জারি মেডিসিন ওয়ার্ডে।
গাইনি বিভাগের প্রধান শিখা সাহা প্রথম আলোকে বলেন, এত রোগীর চাপ থাকে, অনেক সময় হাঁটার জায়গা পর্যন্ত থাকে না। এমন অবস্থায় রোগীর সেবা দেওয়া কঠিন। দ্রুত নতুন ভবন দরকার।
বরিশাল গণপূর্ত বিভাগ জানায়, ২০০৭ সালের অক্টোবরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বর্ধিত ১০ তলা ভীতসহ সাততলা ভবন নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। ২০০৮ সালের ৪ মার্চ ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই ভবন নির্মাণের কার্যাদেশ পায় জেবি আজাদ কনস্ট্রাকশন ও ঢাকা মার্কেন্টাইল করপোরেশন লিমিটেড। কার্যাদেশে ২০১০ সালের ৪ জুনের মধ্যে ভবন হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। ২০১০ সালে কাজে ধীরগতির কারণে সাততলার পরিবর্তে নির্মাণকাজ পাঁচতলায় নামিয়ে আনা হয়। নির্মাণ ব্যয় কমিয়ে ধরা হয় ২০ কোটি টাকা। এ সময় নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির অজুহাত তুলে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে কার্যাদেশ বাতিল করে নতুন দরপত্র আহ্বান করতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান উচ্চ আদালতে রিট করে। এর পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অসমাপ্ত ভবনটি।
২০১৫ সালের ২২ মার্চ মামলা নিষ্পত্তি হয়। ৭ জুন ১০ কোটি টাকা ব্যয় ধার্য করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়। ওই তারিখে দরপত্র অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে গত বছরের জুনে দরপত্র অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়। বর্তমানে পুনঃ দরপত্র আহ্বান করে মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন ধারণক্ষমতার তিন থেকে চার গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে এখানে। গতকালও ১ হাজার ৬৯৩ জন রোগী ভর্তি ছিল। মেঝে, বারান্দা এমনকি করিডরেও রোগীতে ঠাসা। দ্রুত বর্ধিত ওই ভবন ব্যবহারের উপযোগী করে হস্তান্তর করার জন্য গণপূর্ত বিভাগকে অনুরোধ জানিয়েও কাজ হচ্ছে না। আজ (রোববার) স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের প্রধান দাবি হিসেবে বিষয়টি তুলে ধরা হবে।’
গণপূর্ত বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মামলা নিষ্পত্তি হলেও আমরা কাজ শুরু করতে পারিনি। দরপত্র প্রস্তুত করে অনুমোদন চাওয়া হয়েছিল। এক বছর পর মন্ত্রণালয় সেটি ফেরত পাঠিয়েছে। আবারও দরপত্র আহ্বানের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ভবনের নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।’