৫০০ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ পাঁচ মাস
সারা দেশের ৩৮টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। অর্থ বরাদ্দ না থাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর জানুয়ারি থেকে বেতন বন্ধ রেখেছে বলে জানা গেছে। জানা গেছে, এমপিওভুক্ত বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দিয়ে আসছিল। কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃথক হয়ে ২০০৯ সালের নভেম্বর থেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া শুরু করে। কিন্তু ২০০১ সালের এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেতন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দিতে থাকে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বেতন পাওয়া প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের এমপিওভুক্তির আট বছর পূর্ণ হওয়ায় টাইম স্কেল ও প্রধানদের প্রাপ্ত বেতন স্কেলের জন্য আবেদন করে। কারিগরি প্রতিষ্ঠান হওয়ায় সেসব আবেদন কারিগরি শিক্ষা অধিদপ্তরে জমা দিতে বলা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বেতন প্রদানের আবেদন জানালে গত জানুয়ারিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ৩১টি এসএসসি (ভোকেশনাল) এবং সাতটি এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) প্রতিষ্ঠানের তালিকা কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠায়। এই ৩৮টি প্রতিষ্ঠানের বেতন জানুয়ারি থেকে বন্ধ রয়েছে।কারিগরি শিক্ষা অধিদপ্তর জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানগুলোর তালিকা পাঠিয়েছে। কিন্তু আর্থিক বরাদ্দ দেয়নি। এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে বরাদ্দ না থাকায় ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে টাইম স্কেলপ্রাপ্ত সব শিক্ষকের বেতন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অনুমোদন দিলেও পরে সরকার তা স্থগিত রাখে। অপরদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। সেইসঙ্গে কাম্য অভিজ্ঞতা না থাকা সব প্রতিষ্ঠানপ্রধানের প্রাপ্ত স্কেলের নিচের ধাপে বেতন দেওয়ার কথা থাকলেও কারিগরি শিক্ষা অধিদপ্তর তা বন্ধ রেখেছে।নাটোরের লালপুর উপজেলার মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম জানান, তাঁর কলেজের কৃষি ডিপ্লোমা শাখার বেতন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দিচ্ছে। কিন্তু এইচএসসি (বিএম) শাখার বেতন জানুয়ারি থেকে বন্ধ রয়েছে।রাজশাহীর বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু সাইদ মো. সিদ্দিক এবং নাটোরের সিংড়ার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক জানান, তাঁদের প্রতিষ্ঠানে এসএসসি (ভোকেশনাল) শাখার বেতন এখনো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দিচ্ছে। কিন্তু এইচএসসি (বিএম) শাখার বেতন পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে।বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী ক্ষোভের সঙ্গে বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরে অদক্ষ জনবলের কারণে কাজের গতি নেই বললেই চলে। বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান না করলে সমিতির পক্ষ থেকে শিক্ষা বোর্ড ও ডিজি অফিস (মহাপরিচালকের কার্যালয়) ঘেরাওসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) খান রেজাউল করিম জানান, বাজেট না থাকার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিলেই বেতন দেওয়া হবে। তবে মে মাসের বেতনের সঙ্গে সমন্বয় সম্ভব হবে কি না তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।