৫০০ শিক্ষার্থীর দুজন শিক্ষক!
পাবনার বেড়া উপজেলার যমুনার চরে অবস্থিত চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি টানা দুই বছর ধরে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কাব সংগঠন। প্রতিষ্ঠানটির গত দুই বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলও চমৎকার। ৫০০ শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানটি পাঁচজন শিক্ষকের পাঠদানের মধ্য দিয়ে ভালোই চলছিল। কিন্তু এখন বিদ্যালয়টি চলছে মাত্র দুজন শিক্ষক দিয়ে।জানা গেছে, চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। দুর্গম চরে অবস্থিত হওয়ায় প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষকেরা তদবিরের মাধ্যমে সেখান থেকে অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন। ফলে বিদ্যালয়টি বেশির ভাগ সময় প্রয়োজনীয় শিক্ষকের চেয়ে কম শিক্ষক দিয়ে চলে আসছে। ২০০৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয় থেকে একজনও পাস করতে পারেনি। ২০০৭ সালে ৩২ জনের মধ্যে একজন ও ২০০৮ সালে ৩৫ জনের মধ্যে মাত্র দুজন পাস করে।২০০৯ সালের প্রথম দিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন রেজাউল করিম। এ সময় আরও কয়েকজন শিক্ষককে নিয়োগ দেওয়ায় বিদ্যালয়ে মোট শিক্ষক দাঁড়ায় পাঁচজনে। আর এতেই পাল্টে যেতে থাকে বিদ্যালয়টি। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০০৯ সালে ৯৫ ভাগ ও ২০১০ সালে শতভাগ শিক্ষার্থী পাস করে। এদিকে যাতায়াতের অসুবিধার কারণে শিক্ষকদের মধ্যে বদলি হওয়ার তদবির চলতেই থাকে। এতে মার্চ থেকে জুন মাসের মধ্যে তিনজন শিক্ষক বদলি হয়ে যান। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রধান শিক্ষকসহ দুজনে। প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘৫০০ শিক্ষার্থীকে দুজন শিক্ষকের পক্ষে পাঠদান অসম্ভব ব্যাপার। সারাক্ষণ দৌড়ের ওপর থেকেও আমরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় পাঠ দিতে পারছি না।’