৫০০ শিশু বিনা মূল্যে পাবে শ্রবণ সহায়ক যন্ত্র
মতিঝিল আইডিয়াল কলেজে পড়ুয়া নূরজাহান আক্তারের (১৭) কানে পানি ঢুকেছিল ছোটবেলায়। কানে কম শুনতে থাকলে তখন থেকে এ পর্যন্ত হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি তাকে কানের চিকিৎসকের কাছেও নেওয়া হয়। চিকিৎসক তার কানে বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) লাগানোর কথা বলেন। তবে যন্ত্র কিনতে ৩০ থেকে ৩৫ হাজার টাকার প্রয়োজন। তাই চিকিৎসা সেখানেই থেমে যায়।
গতকাল রোববার বিকেলে রাজধানীর মহাখালীতে সোসাইটি ফর অ্যাসিসটেন্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেনের (সাহিক) কার্যালয়ে নূরজাহানকে নিয়ে এসেছেন তার চাচা মাঈনুল হাসান। নানান পরীক্ষা শেষে নূরজাহানের কানে একটি ছাঁচ লাগিয়ে দেওয়া হয়েছে। মাঈনুল হাসান জানালেন, বিভিন্ন ধাপ পার হওয়ার পর নূরজাহান বিনা মূল্যে পাবে কানে লাগানোর শ্রবণ-সহায়ক যন্ত্র।
নূরজাহানের মতো দেশের ৫০০ শিশু পেতে যাচ্ছে এ বিশেষ যন্ত্র। পরিবারের ভোগান্তি কমাতে এগিয়ে এসেছে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট। বিনা মূল্যে বিশেষ যন্ত্র দেওয়াসহ পুরো প্রক্রিয়ায় সহায়তা করছে আমেরিকার স্টারকি হিয়ারিং ফাউন্ডেশন।