৫০০ শিশু বিনা মূল্যে শ্রবণযন্ত্র পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল আইডিয়াল কলেজে পড়ুয়া নূরজাহান আক্তারের (১৭) কানে পানি ঢোকে। ছোটবেলা থেকে এ পর্যন্ত হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয় কিন্তু কোনো উন্নতি না হওয়ায় তাকে কানের চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক ওর কানে বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) লাগানোর কথা বলেন। তবে যন্ত্র কিনতে কম করে হলেও ৩০ থেকে ৩৫ হাজার টাকার প্রয়োজন। তাই চিকিৎসা সেখানেই থেমে যায়।

আজ রোববার বিকেলে রাজধানীর মহাখালীতে সোসাইটি ফর অ্যাসিসটেন্স টু হিয়ারিং ইমপিয়ার্ড চিলড্রেনের (সাহিক) কার্যালয়ে নূরজাহাকে নিয়ে আসেন তার চাচা মাঈনুল হাসান। নানা পরীক্ষা শেষে নূরজাহানের কানে একটি ছাঁচ লাগিয়ে দেওয়া হয়েছে। মাঈনুল হাসান জানালেন, বিভিন্ন ধাপ পার হওয়ার পর নূরজাহান বিনা মূল্যে পাবে কানে লাগানোর বিশেষ যন্ত্র।
নূরজাহানের মতো দেশের ৫০০ শিশু পেতে যাচ্ছে এ বিশেষ যন্ত্র। পরিবারের ভোগান্তি কমাতে এগিয়ে এসেছে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট। বিনা মূল্যে বিশেষ যন্ত্র দেওয়াসহ পরো প্রক্রিয়ায় সহায়তা করছে যুক্তরাষ্ট্রের স্টারকি হিয়ারিং ফাউন্ডেশন। দেশে শ্রবণ সমস্যা নিয়ে কাজ করা সাহিক ও অন্যান্য প্রতিষ্ঠান এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
সাহিক কার্যালয়ে বিনা মূল্যে শ্রবণযন্ত্র বিতরণ–পূর্ব ক্যাম্প, শ্রবণ পরীক্ষা ও মোল্ডের ছাঁচ নেওয়ার কর্মশালা উপলক্ষে আজ সকাল থেকেই শিশু, অভিভাবক, রোটারি ক্লাবের স্বেচ্ছাসেবক, স্টারকি হিয়ারিং ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্রের ডাটা ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট কর্মকর্তা স্কাই গিরারডিন, এ ফাউন্ডেশনের (ভারত) অডিওলজিস্ট নিহার প্রধান, সাহিকের চিকিৎসকসহ বিভিন্ন প্রতিনিধিদের ব্যস্ততার অন্ত ছিল না। সাহিকের স্কুলে পড়া শিশুর অভিভাবক, কড়াইল বস্তিসহ বিভিন্ন জায়গা থেকে আসা শিশুর অভিভাবকদের চোখে–মুখে কোনো ক্লান্তি নেই। নিয়ম মেনে সব কাজ করছেন। সারা দিনে প্রায় ২০০ শিশু, তাদের অভিভাবকসহ বিশাল জনসমাগম হলেও কোনো হুড়োহুড়ি নেই। বিভিন্ন দেশে এ ধরনের ক্যাম্প পরিচালনার অভিজ্ঞতায় স্টারকি হিয়ারিং ফাউন্ডেশনের প্রতিনিধিরা তাই একপর্যায়ে বাংলাদেশের দলীয় কাজ এবং ক্যাম্প পরিচালনাকে ‘সবচেয়ে ভালো অভিজ্ঞতা’ বলতে বাধ্য হলেন। প্রাথমিক ধাপে এ ধরনের আরও কয়েকটি ক্যাম্প পরিচালনা শেষে ৫০০ জনকে এক হাজার হিয়ারিং এইড দেওয়া হবে। চলতি মাসেই প্রথম ধাপের কার্যক্রম শেষ হবে।
দিনব্যাপী নানান আয়োজনে উপস্থিত ছিলেন সাহিকের অনারারি জেনারেল সেক্রেটারি ইশতিয়াক আহমেদ, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের কানিজ ফাতেমা, লুৎফুর আর চৌধুরী, লাড্‌লি কে ফয়েজ, লায়লা রোজী প্রমুখ।
লুৎফুর আর চৌধুরী জানালেন, স্টারকি হিয়ারিং ফাউন্ডেশন বাংলাদেশে এই প্রথমবারের মতো শিশুদের (২০ শতাংশ বড়রা থাকতে পারে) প্রয়োজন অনুযায়ী হিয়ারিং এইড দিচ্ছে। দুই ধাপে দুই হাজার হিয়ারিং এইড দেবে এ ফাউন্ডেশন।