৫০৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ্-বাংলা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে বৃত্তিপত্র তুলে দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। পাশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ l ছবি: প্রথম আলো
মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে বৃত্তিপত্র তুলে দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। পাশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ l ছবি: প্রথম আলো

ডাচ্-বাংলা ব্যাংকের বার্ষিক ১০২ কোটি টাকার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় এবার পাঁচ হাজার ৫০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার মিরপুরের শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে বৃত্তিপত্র তুলে দেওয়া হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং তিনজন করে শিক্ষার্থীর হাতে বৃত্তিপত্র তুলে দেন। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন কলেজপড়ুয়া পাঁচ হাজার ৫০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হচ্ছে। বৃত্তিপ্রাপ্তরা উচ্চমাধ্যমিক পর্যায়ের পূর্ণ শিক্ষাবর্ষে মাসে দুই হাজার টাকা বৃত্তি পাবে। আর পাঠ্য উপকরণের জন্য আড়াই হাজার টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য এক হাজার টাকা করে বার্ষিক অনুদান পাবে।
গতকাল বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, গোবরে পদ্মফুল ফোটে, কিন্তু সব ফুল পুরোপুরি ফুটতে পারে না। নানা কারণে ঝরে পড়ে। দেশের শিক্ষার্থীদের মধ্যে সেই ঝরে পড়া গোষ্ঠী সবচেয়ে বড়। একে সীমিত করার জন্য ডাচ্-বাংলা ব্যাংকের এই উদ্যোগ। তিনি আরও বলেন, ৪১ হাজার দরখাস্তকারীর মধ্যে যে পাঁচ হাজার ৫০ জন বৃত্তি পেয়েছে, তারা ভাগ্যবান। এই ভাগ্যের সদ্ব্যবহার করতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, জীবন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাচ্-বাংলা ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। আশা করব, এই পাঁচ হাজার ৫০ একসময় পাঁচ কোটি ৫০ লাখে গিয়ে দাঁড়াবে। বাংলাদেশে যে ৫০টি ব্যাংক আছে তারাও এ উদ্যোগকে অনুসরণ করবে। তাহলেই একদিন বৃত্তি পাওয়াদের সংখ্যা ১১ কোটি হবে।’
বাংলাদেশে নেদ্যারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে এই অনন্য উদ্যোগ বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদ। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের মোট বৃত্তির ৯০ ভাগ দেওয়া হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে, যাদের ৫০ ভাগ ছাত্রী।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সমাপনী বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আহমেদ।