স্বাধীনতার ৪৩ বছর পরেও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাজাকারের হাতে নিহত ৫১ জনের নাম এখনো শহীদের তালিকায় ওঠেনি। এলাকার বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১৯৭১ সালের ৬ অক্টোবর পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকারের গুলিতে নিহত উপজেলার আঙ্গুলকাটা গ্রামের শহীদ জিতেন্দ্র নাথ মিত্রের মেয়ে রানী মিত্র (৫০) বলেন, ‘আমরা শুধু একটি স্বীকৃতি চাই। শহীদ বাবার সন্তানের গৌরব নিয়ে বাঁচতে চাই। দেশের স্বাধীনতার জন্য বাবাকে হারালাম। গত ৪৩ বছর ধরে বাবার স্নেহ থেকে বঞ্চিত হলাম। অথচ রাষ্ট্র এখনো আমার বাবাকে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়নি। তাঁদের হত্যার স্থানে নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও শহীদ পরিবার সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ মে উপজেলার নলী গ্রামের বাড়ৈ বাড়িতে রাজাকাররা ১৩ জন হিন্দুকে মেরে ফেলে। ৮ জুন বড়মাছুয়া গ্রামের কুদ্দুস আকনের বাড়ির সামনে বেড়িবাঁধে সাত জন, ১১ জুন দক্ষিণ বড়মাছুয়া গ্রামে পহলান বাড়ির সামনে বেড়িবাঁধে দুজনকে হত্যা করা হয়। ৬ অক্টোবর মঠবাড়িয়া ও আঙ্গুলকাটা গ্রাম থেকে ৩০ জন হিন্দুকে ধরে নিয়ে যায় রাজাকার বাহিনী। তাঁদের মধ্যে ২২ জনকে সূর্যমণি জলকপাট (স্লুইসগেট) সংলগ্ন বেড়িবাঁধে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ২৩ অক্টোবর কালিকাবাড়ি থেকে সাতজনকে ধরে নিয়ে সাংরাইল খালের কাছে নিয়ে মেরে ফেলা হয়।
শহীদ মধুসূদন হালদারের ছেলে পরিমল হালদার বলেন, সূর্যমণিতে হত্যাযজ্ঞ চালানোর পরের দিন সকালে (৭ অক্টোবর) মঠবাড়িয়া বাজারে এসে দম্ভ করে রাজাকাররা বলেছিল, ‘কয়েকটি পাখি শিকার করে এসেছি।’ সূর্যমণি ও নলী গণহত্যার অভিযোগে গত ২৪ ফেব্রুয়ারি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ আবদুল জব্বারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। বর্তমানে তিনি পলাতক।
শহীদ শুধাংশু হালদারের স্ত্রী কনক বালা হালদার (৮০) বলেন, রাষ্ট্র থেকে কোনো সহায়তা তিনি পাননি। মানুষের বাড়ি কাজ করে তিনি তিন ছেলে ও দুই মেয়েকে বড় করেছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আর কত কাল অপেক্ষা করতে হবে?’
নলী গ্রামের শহীদ নিশিকান্ত বাড়ৈর ছেলে বিরেন বাড়ৈ (৬৫) বলেন, উপজেলা প্রশাসন ২০১০ সাল থেকে রাষ্ট্রীয় দিবসে শহীদ পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো শুরু করে। এর আগে কেউ খোঁজ পর্যন্ত নেয়নি। এমনকি সরকার বধ্যভূমিগুলো সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়নি। সূর্যমণি বধ্যভূমি সুরক্ষা কমিটির সভাপতি পরিমল চন্দ্র হালদার বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (দপ্তর) শাহাদাৎ হোসেন বলেন, ‘গণহত্যার শিকার ব্যক্তিদের এখনো রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। বধ্যভূমিগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেয়নি সরকার। তবে আমরা শহীদদের নাম-ঠিকানা সংরক্ষণ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব বলেন, সরকারিভাবে বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য শিগগিরই কাজ শুরু করবে।