৫১ বছর পর দান করা জমি পাওয়া গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৫১ বছর পর অবশেষে যথাযথ কর্তৃপক্ষ বুঝে পেল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে দলিল হওয়া ১২ বিঘা জমি। স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্থানীয় কয়েক ব্যক্তির দান করা এ জমি নানা জটিলতায় আর স্বাস্থ্য কমপ্লেক্স পায়নি। এত দিন পর তা বুঝে পেয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় লোকজন, জমিদাতা, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাকিস্তান আমলে ১৯৬৫ সালে তৎকালীন রায়গঞ্জ থানার ধানগড়া ইউনিয়নের লক্ষ্মীকোলা এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য স্থানীয় কয়েক ব্যক্তি ১৯টি দলিলে ১২ বিঘা জমি দান করেন। কিন্তু সেখানে ওই সময় আর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়নি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তখন তৎকালীন জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা রওশন উল হকের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের স্থান নির্বাচন নিয়ে বিরোধ দেখা দেয়। অবশেষে ইউনিয়নের রায়গঞ্জ এলাকায় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। সেই থেকে দান করা জমি দাতারাই ভোগদখল করে আসছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত বছর রায়গঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল পাঠান এ জমির বিষয়ে খোঁজখবর শুরু করেন। ইউএনওর সহযোগিতায় জমিদাতাদের সঙ্গে একাধিক বৈঠকের পরে গতকাল রোববার এ জমির উদ্ধারকাজ সম্পন্ন হয়। ওই ১২ বিঘা জমির সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার, পৌর মেয়র আবদুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হানিফ উদ্দিন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হক, ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার, বেতুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হক, জমিদাতাদের পক্ষে আবদুল মান্নান সরকার প্রমুখ।
জমিদাতা আবদুল জলিল সরকারের ছেলে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হানিফ উদ্দিন। তিনি বলেন, ‘এত দিন কেউ এ জমি চায়নি। তাই নিজেরাই ভোগদখল করছিলাম। এখন বাবা যাদের দান করেছিলেন, সেই কর্তৃপক্ষকে দিয়ে দিচ্ছি।’
রায়গঞ্জের ইউএনও বলেন, জমিদাতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শেষে কোনো ঝামেলা ছাড়াই জমির দখল হস্তান্তর সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নামে দলিল হওয়া এ জমিতে উপজেলাবাসীর জন্য স্বাস্থ্যসেবামূলক কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে আশা প্রকার করেন তিনি।