রাজধানীর ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধারে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এসব বিদ্যালয়ের হাল অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ওই ৫১টি বিদ্যালয়ের জমি উদ্ধারে মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে আলোচনা হয়। কমিটি বিদ্যালয়গুলোর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়কে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে বলেছে।
বৈঠক শেষে কমিটির সদস্য আলী আজম প্রথম আলোকে বলেন, গণশিক্ষা মন্ত্রণালয় ঢালাওভাবে বলেছে, বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে। কমিটি মনে করে, মন্ত্রণালয়ের এই বক্তব্য দায়সারা। বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সে জন্য কমিটি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে। কমিটির মতে, মামলা-মোকদ্দমা করে জমি সহজে উদ্ধার করা যাবে না। মন্ত্রণালয়কে গুরুত্ব সহকারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন, বিভিন্ন বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধারে আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংসদীয় কমিটি কীভাবে জমি উদ্ধার করা যায়, সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে নতুন করে কোনো প্রাথমিক বিদ্যালয়কে নিবন্ধন না দেওয়ার সুপারিশ করা হয়।
মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানসহ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আবদুর রহমান, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ ও উম্মে রাজিয়া অংশ নেন।