বাংলাদেশ থেকে বিদেশগামী ৫১ শতাংশ অভিবাসী কোনো না কোনো পর্যায়ে প্রতারণার শিকার হন। এর মধ্যে ১৯ শতাংশ বিদেশে যাওয়ার টাকার একাংশ বা পুরোটা দেওয়ার পরও বিদেশ যেতে পারেন না। আর ৩২ শতাংশ প্রতারণার শিকার হন গন্তব্যে পৌঁছার পর বা বিদেশে থাকাকালে।
অভিবাসন ও মানব পাচারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটিং মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) বলছে, সাম্প্রতিক এক গবেষণায় তারা এসব তথ্য পেয়েছে। গবেষণার প্রাথমিক ফল প্রকাশ করতে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘চলমান অভিবাসন-প্রক্রিয়ায় প্রতারণার অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
সেমিনারে জানানো হয়, টাঙ্গাইলের পাইকেরা ইউনিয়নের ৯টি গ্রাম এবং এলেঙ্গা পৌরসভার ১১টি ওয়ার্ডের ৫ হাজার ৪০৭টি পরিবারের মধ্যে এই জরিপ চালানো হয়। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ পরিবারেই অভিবাসী রয়েছেন। ৩৭টি দেশে তাঁরা থাকেন। ৫ হাজার ৩৩১ জন স্বল্পমেয়াদি অভিবাসী জরিপে অংশ নেন। ব্রিটিশ কাউন্সিলের ‘প্রকাশ প্রকল্পের’ অধীনে এই গবেষণা পরিচালনা করা হয়।
সেমিনারে সরকারি কর্মকর্তা, অভিবাসন ও শ্রমিকদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, দালাল ও রিক্রুটিং এজেন্সির দ্বারাই অভিবাসীরা প্রতারণার শিকার হন। প্রতারণার ক্ষেত্রে দোষী ব্যক্তিকে শনাক্ত করতে এবং অভিবাসন-প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে দালালদের একটি কাঠামোর মধ্যে আনতে হবে।
সেমিনারে গবেষণায় প্রাপ্ত ফলাফল তুলে ধরেন রামরুর চেয়ারপারসন অধ্যাপক তাসনিম সিদ্দিকী। অন্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জাবেদ আহমেদ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. নিজামুল হক, মানবাধিকারকর্মী নূর খান, বায়রার সভাপতি বেনজির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।