৫১ শিক্ষার্থীর কী হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন রাঙামাটি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম ব্যাচের ৫১ জন শিক্ষার্থী। দুই মাস পার হয়ে গেলেও এখনো তাঁদের পাঠদান শুরু হয়নি।
অভিযোগ উঠেছে, রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় চালু করা নিয়ে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের বিরোধিতার কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে পার্বত্য এলাকায় মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চায় না পাহাড়ি ছাত্র পরিষদ। বিরোধিতাকারী এই পক্ষের সঙ্গে প্রশাসনের বারবার বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. টিপু সুলতান জানান, শিক্ষা কার্যক্রম চালু করা নিয়ে ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী, জনসংহতি সমিতির প্রতিনিধি, স্থানীয় সাংসদ ও কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। তিনি বলেন, ‘আমরা এখনো ক্লাস শুরু করতে পারিনি। এতে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বাচ্চু চাকমা জানান, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া আমরা এই কলেজ এখানে মানব না। প্রয়োজনে শিক্ষার্থীদের অন্য কোনো কলেজে বদলি করে তাঁদের পাঠদান চালিয়ে নেওয়া হোক।
রাঙামাটি মেডিকেলের শিক্ষার্থী ইলতেজা তাবাসসুম বলেন, ‘সব মেডিকেল কলেজে ক্লাস শুরু হয়ে গেছে। অথচ আমরা এখনো জানি না কবে ক্লাস শুরু হবে।’
নাজমুচ ছাহার নামে আরেক ছাত্রী বলেন, ‘আমাদের কেবল আশা দিয়ে যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কী হবে। মেডিকেলের পড়ালেখা অনেক কঠিন। এক দিন পেছানো মানে অনেক দিন পিছিয়ে পড়া।’
দেশের সব মেডিকেল কলেজে ১০ জানুয়ারি থেকে এমবিবিএস প্রথম বর্ষের পাঠদান শুরু হয়েছে। একই দিন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধনকে কেন্দ্র করে পাহাড়ি ছাত্র পরিষদের সঙ্গে বাঙালিদের সংঘর্ষ বাধে। পাহাড়ি ছাত্র পরিষদ মেডিকেল কলেজ উদ্বোধনের বিপক্ষে অবস্থান নেয়। উত্তেজনা প্রশমনে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেই থেকে বিষয়টি ঝুলে রয়েছে।
রাঙামাটি মেডিকেলের ৫১ শিক্ষার্থীর মধ্যে ২১ জন ছাত্র। শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই অন্য কোনো মেডিকেল কলেজে কিংবা অন্য কোথাও অস্থায়ী ভিত্তিতে পাঠদান চালিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
কলেজের শিক্ষা কার্যক্রম শুরু না হওয়ার কারণে শিক্ষক নিয়োগও বন্ধ রয়েছে। তবে অধ্যক্ষ মো. টিপু সুলতান জানান, জটিলতা নিরসন হলে শিক্ষক নিয়োগে সময় লাগবে না।
১০০ শয্যার রাঙামাটি জেনারেল হাসপাতালের একটি ভবনে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। ছয়তলার ওই ভবনটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের জন্য নির্মাণ করা হয়েছিল। এটি এখন একাডেমিক ভবন হিসেবে ব্যবহার করা হবে। এ ছাড়া পৃথক ছাত্র ও ছাত্রীনিবাস করা হয়েছে হাসপাতালের চিকিৎসকদের আবাসিক ভবনে।
রাঙামাটি কলেজের অধ্যক্ষ জানান, অস্থায়ীভাবে হাসপাতালের ভবনের পাশের স্থাপনাটি একাডেমিক ভবন হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। এ ছাড়া ছাত্রাবাসও করা গেছে। স্থায়ী কলেজের জন্য কয়েকটি জায়গাও প্রস্তাবের মধ্যে রয়েছে। পরে সেখানে ভবন করে কলেজ স্থানান্তর করা হবে।