৫১৮ কর্মকর্তা-কর্মচারীর বেতন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫১৮ জন কর্মকর্তা-কর্মচারী এক মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন সিটে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর হিসাব বিভাগ অনুমোদন না করায় তাঁদের বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হাসপাতালের হিসাব বিভাগ সূত্রে জানা গেছে, এখানে বেতনভুক্ত প্রায় ৫০ জন চিকিৎসক, ৭৫ জন ইন্টার্ন চিকিৎসক, ৩৪ জন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী, ১০৯ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী ও ১৫৫ জন সেবিকা (নার্স) কর্মরত আছেন। তাঁদের মধ্যে শুধু চিকিৎসকেরা গেজেটেড হওয়ায় তাঁরা গত মাসের বেতন পেয়েছেন। কিন্তু হাসপাতালের তত্ত্বাবধায়ক কিউ এইচ আসগরের স্বাক্ষর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রণ দপ্তর অনুমোদন না করায় বাকি ৩৭৩ জন কর্মকর্তা-কর্মচারী গত মাসের বেতন পাননি। একই সমস্যার কারণে খুলনা মেডিকেল কলেজের ১৪৫ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক কিউ এইচ আসগরের সরকারি চাকরির মেয়াদ (৫৭ বছর) শেষ হয়েছে গত বছর ৩১ ডিসেম্বর। কিন্তু সরকার মুক্তিযোদ্ধাদের জন্য আরও দুই বছর চাকরির মেয়াদ বাড়িয়েছে। এ কারণে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। নিয়মানুযায়ী এসব কাগজপত্র মুত্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অনুমোদনের পর তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। কিন্তু পাঠানো কাগজপত্রের ব্যাপারে এখনো কোনো অনুমোদন মেলেনি। এ কারণে ওই ৫১৮ জন কর্মকর্তা-কর্মচারীর গত মার্চ মাসের বেতন সিট ওই মাসের ২৪ তারিখে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রণ দপ্তরে পাঠানো হলেও গত ২ এপ্রিল তা ফেরত আসে। কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক আসগর বলেন, শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এ সমস্যার সমাধান হয়ে যাবে।