রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিবছর শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পুড়ছে কোটি টাকার সম্পদ। রাঙামাটি সদর থেকে ১১২ কিলোমিটার দূরের এই উপজেলার ভরসা খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশন। কিন্তু সেটিও উপজেলা সদর থেকে ৫২ কিলোমিটার দূরে।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত এক বছরে উপজেলায় পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর গত তিন বছরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ১০টির মতো। খাগড়াছড়ি শহর থেকে বাঘাইছড়িতে আসতে ফায়ার সার্ভিসের গাড়িগুলোর সময় লাগে সাড়ে তিন ঘণ্টার বেশি। এই সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বাঘাইছড়ি পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর ২৩ জানুয়ারি রাত সাড়ে তিনটায় শহরে চারটি বিপণিবিতানে আগুন লাগে। এতে দেড় শতাধিক দোকান পুড়ে যায়। ২০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়। ওই বছরের ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় বটতলী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৮টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন কোটি টাকার বেশি। এর চার মাস পর ১৪ জুন উগলছড়ি বাজারের একাংশ পুড়ে যায়। এতে ১২টি দোকানের কমপক্ষে অর্ধকোটির টাকা মালামাল পুড়ে যায়। এরপর গত ২৭ আগস্ট রাত ১২টায় উপজেলা সদরের চৌমুহনী ১০টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি। সর্বশেষ চলতি বছরের ২১ জানুয়ারি রাত সোয়া ১২টায় কাচালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪১টি বাড়ি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ লাখ টাকা। এ ছাড়া বস্তি, পাড়া, মহল্লায় ও বাজারে তিন বছরে ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন, ৫২ কিলোমিটার দূরে অবস্থিত খাগড়াছড়ি সদর থেকে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতেই সময় লাগে সাড়ে তিন ঘণ্টার বেশি। এতে সব পুড়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। মাঝেমধ্যে মাঝপথ থেকেও ফিরে যায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, উপজেলায় দেড় লাখের বেশি লোকের বসবাস। উপজেলায় ছোট–বড় মিলে ১৫ থেকে ২০টি বাজার রয়েছে। এসব বাজারে কোনো অগ্নিনির্বাপণ–ব্যবস্থা নেই। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানালেও এখনো সেই দাবি পূরণ হয়নি। এ দাবিতে কয়েকবার মানববন্ধনও করেছেন এলাকার বাসিন্দারা।
চৌমুহনী বিপণিবিতানের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, বাজার ও বিপণিবিতানে অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকায় আগুন লাগলে কিছুই করার থাকে না। গত বছর পাঁচটি অগ্নিকাণ্ডে কোটি টাকার সম্পদ পুড়েছে। ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ক্ষয়ক্ষতি অনেক কম হতো।
পৌর মেয়র মো. আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের জন্য লেখালিখি করেছি। শুনেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের জন্য প্রতিবেদন পাঠিয়েছে। আশা করছি, শিগগিরই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ এমন একটি ব্যস্ত পৌর শহরে ফায়ার সার্ভিস স্টেশন খুবই জরুরি।’
বাঘাইছড়ির ইউএনও মো. মুফিদুল আলম বলেন, ‘ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করি, দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য অনুমতি পাওয়া যাবে। ফায়ার সার্ভিস স্টেশন স্থািপত হলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে।