৫২ কোটি টাকার চিনি অবিক্রীত, মাড়াই শুরু
১৫০ কোটি টাকার লোকসানের বোঝা ও ৫২ কোটি টাকার চিনি অবিক্রীত রেখে গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) ২০১৪-১৫ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বেলা পৌনে ১১টায় চিনিকলের ডোঙায় আখ ফেলে মাড়াইয়ের উদ্বোধন করেন। এ বছর এক লাখ ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে নয় হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান মাহমুদউল হক ভূঁইয়া, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মসিউর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাজী সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘আমেরিকা যখন শ্রমিক ছাঁটাই করে শিল্পকারখানা সংকুচিত করছে, তখন আমরা শিল্পপ্রতিষ্ঠানে নতুন নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছি ও বন্ধ শিল্পকারখানা খুলে দিচ্ছি। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ৭০ ভাগ মানুষকে শিক্ষার আওতায় নিয়ে এসেছি।’
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, ২০১৪-১৫ আখ মাড়াই মৌসুমে কার্যদিবস ধরা হয়েছে ১২০ দিন। চিনি আহরণের হার ৭ দশমিক ৫০।
দেলোয়ার হোসেন আরও জানান, মোবারকগঞ্জ চিনিকলে বর্তমানে গত তিন বছরের ১৩ হাজার ৩০০ মেট্রিক টন চিনি মজুত রয়েছে, যার মূল্য প্রায় ৫২ কোটি টাকা। চিনি অবিক্রীত থাকায় মিলের গোডাউনে ধারণক্ষমতা নেই।
এদিকে শ্রমিকনেতা মসিউর রহমান জানান, কারখানার শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন চিনি গোডাউনে পড়ে থাকায় চিনির গুণগত মান নষ্ট হচ্ছে।